ছবি: সংগৃহীত
জাতীয় সামার অ্যাথলেটিকসে দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন ইমরানুর রহমান। পুরুষদের ১০০ মিটারে ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেছেন তিনি। নারীদের ১০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন শিরিন আক্তারও। গত জাতীয় অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ানকে হারিয়ে দ্রুততম মানবী হয়েছিলেন শিরিন। জাতীয় সামার অ্যাথলেটিকসেও তার কাছে মুকুট ফিরে পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি সুমাইয়া।
আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটারে ইমরানুরের পর দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ইসমাইল। তার সময় ১০.৬৬ সেকেন্ড। ১০.৭৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন তারেক রহমান।
নারীদের ১০০ মিটারে শিরিন সময় নিয়েছেন ১২.০৮ সেকেন্ড। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন শরীফা খাতুন। গত আসরে শিরিনের কাছে হারানো মুকুট ফিরে পাওয়ার লড়াইয়ে এবারও পিছিয়ে সুমাইয়া। ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন তিনি।
আরাফাত রহমান কোকোর নামে আয়োজিত ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু হয়েছে আজ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে তিন দিনের এই প্রতিযোগিতা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এবারের আসরে ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। পুরুষদের ২২টি ও নারীদের ১৮টি—মোট ৪০টি ইভেন্টে হচ্ছে পদকের লড়াই।
খবরটি শেয়ার করুন