ছবি: সংগৃহীত
তিন মাসের উত্তর আমেরিকা সফর শেষ হতে না হতেই এবার অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিতে যাচ্ছেন তারকা কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক প্রীতম হাসান। সঙ্গে থাকছেন বড় ভাই আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান।
প্রীতম জানিয়েছেন, আগামী ৯ই নভেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে অনুষ্ঠিত হবে তাদের প্রথম কনসার্ট। সে কারণে এ সপ্তাহে প্রতীক হাসানের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবেন। সঙ্গে আরও থাকবেন প্রতীক ও তার গানের মিউজিশিয়ানরা।
সিডনির পর তাদের দ্বিতীয় কনসার্টটি অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে। ১৫ই নভেম্বর সেখানে শো করার পরেই তারা ছুটবেন কুইন্সল্যান্ডের ব্রিসবেনে।
১৬ই নভেম্বর ব্রিসবেনে শো করার পর পাঁচ দিনের বিরতি শেষে যাবেন দক্ষিণ অস্ট্রেলিয়ায় অ্যাডিলেডে। ২২শে নভেম্বর সেখানে পারফর্ম করবেন তারা। পরদিন ২৩শে নভেম্বর তারা পারফর্ম করবেন পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে। এই শোর মধ্য দিয়ে ইতি টানবেন এই সফরের। তবে আয়োজক ও দর্শক প্রত্যাশার কথা মাথায় রেখে শোয়ের সংখ্যা আরও বাড়তে পারে।
শিল্পী প্রীতম হাসানের বলেন, ‘অস্ট্রেলিয়ায় অসংখ্য বাঙালি ও বাংলা গানের অনুরাগীদের বসবাস। এবারের সফরে চেষ্টা থাকবে গানে গানে সব শ্রেণির দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণের।’
প্রতীক হাসানের কথায়, ‘দুই ভাইয়ের একমঞ্চে পারফর্ম করা সবসময় আনন্দের। বিশেষ করে দর্শক যখন আমাদের একসঙ্গে দেখতে চায়, তখন সেটি বাড়তি অনুপ্রেরণা জোগায়। এ কারণে টানা বিদেশ ট্যুর ও একের পর এক কনসার্ট করেও মনে ক্লান্তি ভর করেনি। বরং আরেকটি সফরে শ্রোতাদের গান শোনার জন্য মন ব্যাকুল হয়ে আছে।’
এবারের অস্ট্রেলিয়া সফর স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন শিল্পী প্রতীক ও প্রীতম হাসান দুজনেই।
এদিকে সম্প্রতি এই সংগীত সহোদর উত্তর আমেরিকার দুই বৃহৎ দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার ২২টির বেশি রাজ্যে এক নাগারে ২৬টি শো করে এসেছেন। গত মে মাসে আমেরিকার ডালাসে শো করার মধ্য দিয়ে শুরু হয়েছিল কনসার্ট পর্ব। এরপর একে একে মায়ামি, নিউইয়র্ক, সান জোস, ফিলাডেলফিয়া, বস্টন, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, অস্টিন, শিয়াটল, আটলান্টা, ডেট্রয়েট এবং কানাডার মন্ট্রিয়ল, টরন্টো, ভ্যাঙ্কুভারসহ আরও বেশ কয়েকটি শহরে পারফর্ম করেছেন তারা।
জে.এস/
খবরটি শেয়ার করুন