ছবি: সংগৃহীত
সাতক্ষীরার নারী উন্নয়ন সংগঠন প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার ও উন্নয়ন সংগঠনগুলোর জোট হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। মামলাকে কেন্দ্র করে তার বাসভবন ও সংগঠনের কার্যালয়ে পুলিশের নজরদারি এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ নিয়েও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। শম্পা গোস্বামী যাতে নিরাপদে মানবাধিকার কার্যক্রম চালাতে পারেন, তা নিশ্চিত করার পাশাপাশি তার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছে এইচআরএফবি।
আজ সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। এইচআরএফবির আহ্বায়ক ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক তাহমিনা রহমান বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর সাতক্ষীরার শ্যামনগর থানায় দণ্ডবিধির ১২৪ক ধারায় শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। শম্পার অভিযোগ, তার বাসা ও সংগঠনের কার্যালয় পুলিশের নজরদারিতে রয়েছে। পরিবারের সদস্যদেরও হয়রানি করা হচ্ছে।
এইচআরএফবি বলেছে, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে নাগরিকের সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন। সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের অবাধ চলাফেরার অধিকার এবং ৪৩ অনুচ্ছেদে গৃহ ও যোগাযোগের গোপনীয়তার অধিকার নিশ্চিত করা হয়েছে। ফলে কোনো ব্যক্তির বাসভবন ও কার্যালয়ে নজরদারি এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি।
শম্পা গোস্বামীর বিরুদ্ধে মামলাটি দায়েরের প্রায় এক মাস পর বিষয়টি প্রকাশ্যে আসে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের ২০ অক্টোবরের বিবরণ অনুযায়ী, শম্পা গোস্বামী ১২ অক্টোবর রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে জানতে পারেন। সংগঠনটির তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর শ্যামনগর থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় ১৪ আগস্ট শম্পার কার্যালয়ে আয়োজিত একটি সমাবেশে নির্বাচিত সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামনগর থানার এসআই মো. রশিদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। শম্পা গোস্বামী দেবহাটার তপন গোস্বামী ও অনিতা গোস্বামীর মেয়ে এবং আনন্দ চ্যাটার্জীর স্ত্রী।
এজাহারে উল্লেখ করা হয়, আসামি শম্পা গোস্বামী ভারতে পলাতক নেতাদের সঙ্গে অনলাইনে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছেন। তিনি বর্তমান বৈধ সরকারকে উৎখাতের উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমে অর্থ জোগান দিয়ে আন্দোলন বেগবান করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। পুলিশের দাবি, ৫ আগস্টের পর দেশের বহু সাবেক প্রভাবশালী নেতা তার ছত্রচ্ছায়ায় ভারতে অবস্থান করছেন।
এজাহার অনুযায়ী, গত ১৪ আগস্ট দুপুর ১২টা ৫ মিনিটে শ্যামনগর থানার ধানখালীর ‘প্রেরণা’ কার্যালয়ে অবস্থানকালে তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ঘৃণা, অবজ্ঞা ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিওর তহবিলের অপব্যবহার এবং ভারতে অর্থ পাচারের অভিযোগও উঠেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী আজ সোমবার মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে শম্পা গোস্বামীর ব্যবহৃত ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরার স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনেও মামলার বিষয়টি সামনে এসেছে। ২৬ ও ২৭ অক্টোবর প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, শম্পা গোস্বামীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থায়ন এবং ভারতে অবস্থানরত দলটির নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
শ্যামনগর থানার পুলিশ জানায়, মামলাটি গত সেপ্টেম্বরেই নথিভুক্ত করা হয়েছিল। তবে গ্রেপ্তারের অভিযান চলায় বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। ঢাকা স্ট্রিমের ২৭ অক্টোবরের প্রতিবেদনে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারের চেষ্টা চলাকালে অভিযানের স্বার্থে মামলার বিষয়টি গোপন রাখা হয়েছিল। মামলায় শম্পাকে একমাত্র আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগের পাশাপাশি শম্পা গোস্বামীর পরিচালিত প্রেরণা সংস্থার কার্যক্রম ও সরকারি অনুদান নিয়েও তদন্ত চলছে। শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় প্রেরণার প্রধান কার্যালয়। অভিযোগ রয়েছে, কালিগঞ্জে সংস্থার কার্যালয় বন্ধ হয়ে যাওয়ার পরও ওই ঠিকানা ব্যবহার করে নারী উদ্যোক্তা সংগঠনের জন্য সরকারি অনুদান নেওয়া হয়েছে। মহিলা অধিদপ্তরের তালিকায় ওই ঠিকানায় কয়েক দফায় ৫০ হাজার টাকা করে অনুদান উত্তোলনের তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।
মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার সংবাদমাধ্যমকে বলেছেন, প্রেরণা সংস্থার বিষয়ে তার ওপর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকার দপ্তর থেকে গত ১০ বছরের অনুদানের তালিকা চাওয়া হয়েছে এবং তিনি তা তদন্ত করছেন। শম্পা গোস্বামীকে কার্যালয়ে ডাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তদন্তের স্বার্থে তাকে ডেকেছিলেন বলে জানান।
এ ছাড়া গত ২১ আগস্ট শম্পা গোস্বামীকে ইন্দোনেশিয়ার বালিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়া হয় বলে ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তার ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর তিনি হাইকোর্টে রিট আবেদন করেন বলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
এই পরিস্থিতিতে এইচআরএফবি বলেছে, মানবাধিকার কার্যক্রমের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগ আনার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ থাকা প্রয়োজন। একই সঙ্গে শম্পা গোস্বামীর তোলা অভিযোগগুলোও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, একজন মানবাধিকারকর্মী হিসেবে শম্পা গোস্বামী যাতে শান্তিপূর্ণ ও বৈধ কার্যক্রম পরিচালনার সুযোগ পান, তা নিশ্চিত করা জরুরি। তিনি, তার পরিবার এবং প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের কর্মী ও স্বেচ্ছাসেবকেরা যেন ভয়ভীতি, হয়রানি কিংবা প্রতিশোধের শিকার না হন, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জোটটি।
মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মহিলা পরিষদ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ দেশের ২০টি মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এইচআরএফবির সদস্য।
এইচআরএফবি মনে করে, রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা, নাগরিকের মৌলিক অধিকার রক্ষা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা জরুরি। শম্পা গোস্বামীর বিরুদ্ধে মামলার অভিযোগ ও তার পরিবারের হয়রানির অভিযোগ—দুটিই যথাযথ আইনি প্রক্রিয়ায় যাচাই করা প্রয়োজন।
খবরটি শেয়ার করুন