ছবি: সংগৃহীত
মাত্র ২৫ বছরের জীবন, চার বছরের ক্যারিয়ার। এর মধ্যেই তিনি বদলে দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের গতিপথ। হয়েছিলেন কোটি ভক্তের হৃদয়ের নায়ক। আজও দর্শকরা বলেন, বাংলা সিনেমার ইতিহাসে যদি ক্ষণজন্মা কোনো নায়কের নাম লেখা হয়, তবে সবার আগে আসবেন সালমান শাহ।
চলচ্চিত্র বিশ্লেষক এবং বেসরকারি ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক জাকির হোসেন রাজু মনে করেন, “সালমান শাহ যে সময়টিতে অভিনয়ে এসেছিলেন, তখন ছিল বাংলাদেশের চলচ্চিত্রে পালাবদলের সময়। ১৯৯২ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন সালমান। জনপ্রিয় একটি হিন্দি সিনেমার অফিশিয়াল রিমেক ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’।”
এ সিনেমাটি মুক্তির পর থেকেই চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন সালমান। পর্দায় তার পোশাক-পরিচ্ছদ, সংলাপ বলার ধরন, অভিনয়-দক্ষতা—সব কিছু মিলিয়ে দর্শকের মনে স্থান করে নিতে সময় লাগেনি এ নায়কের।
বাংলাদেশের সিনেমায় তিনি ‘রোমান্টিক হিরো’ হিসেবে পরিচিত পান। পরিচালক শাহ আলম কিরণ বলেন, ‘ও যা-ই করত, সেটাই ভালো লেগে যেত। অল্প সময়ের মধ্যে এ ছেলেটা চলচ্চিত্রমোদীদের মনে জায়গা করে নিয়েছিল।’
মাত্র চার বছরে ২৭টি সিনেমায় অভিনয় করে ১৯৯০-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রে আলোড়ন তুলেছিলেন নায়ক সালমান শাহ। ২৭টি সিনেমার বেশির ভাগই ছিল আলোচিত এবং ব্যবসাসফল।
চলচ্চিত্র বিশ্লেষক জাকির হোসেন রাজু বলছিলেন, ১৯৭০-৮০-এর দশকের নায়কদের পরে চলচ্চিত্রে সালমানের আবির্ভাব এক ধরনের তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল।
নায়ক রাজ্জাক, আলমগীর এবং ফারুকের পর সে সময় নতুন একদল তরুণ অভিনেতার আবির্ভাব হয়েছিল ঢাকার সিনেমা জগতে। নব্বইয়ের দশকের প্রথম দিকে বাংলাদেশের চলচ্চিত্রে যত নায়কের আবির্ভাব ঘটেছিল, তাদের মধ্যে সালমান শাহ সবচেয়ে প্রমিজিং (প্রতিশ্রুতিশীল) ছিলেন বলে উল্লেখ করেন জাকির হোসেন।
তার বর্ণনায়, সালমান শাহর অভিনয়ের মধ্যে দর্শক একটা ভিন্নধারা খুঁজে পেয়েছিল। অনেকে আবার সালমান শাহর মধ্যে বলিউড নায়কদের ছায়াও খুঁজে পেয়েছিলেন।
মাত্র চার বছরের সিনেমা ক্যারিয়ারে সালমান শাহ বাংলা সিনেমার অভিনয় জগতে নিজের এমন একটি স্থানটি করে নিয়েছিলেন যে তার অভাব এখনো অনুভব করেন দর্শক, পরিচালক, প্রযোজক—সবাই।
এখনো প্রতি বছর সালমান শাহর মৃত্যু দিবসে তার অনেক ভক্ত তাকে স্মরণ করেন ভালোবাসার সঙ্গে। আর সালমানের অনেক ভক্তের কাছে তার মৃত্যু এখনো একটি বড় রহস্য হিসেবেই রয়ে গেছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন