রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

গাজায় আবার ইসরায়েলি আগ্রাসনের নিন্দা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসন আবার শুরু হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। আজ বুধবার (১৯ই মার্চ) এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইতিমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতি দেখা দিয়েছে। এর মধ্যে নতুন করে হামলা চালানোয় শিশু ও নারীসহ নিরীহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে। সহিংসতার এ নতুন চক্র আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞার শামিল।

সরকার বিবৃতিতে জানায়, ইসরায়েলি দখলদার বাহিনীর ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় অব্যাহত নির্বিচার বিমান হামলা মানবিক দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে এবং অসহায় ফিলিস্তিনি জনগণের ওপর বিধ্বংসী পরিণতি ডেকে এনেছে। এ কারণে বাংলাদেশ এমন হামলার নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে, সর্বাধিক সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার বাধ্যবাধকতাগুলোকে সম্মান করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে, বেসামরিক জীবন রক্ষা করতে এবং গাজার অবরুদ্ধ জনগণের কাছে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা জরুরি ভিত্তিতে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানায়।

এ ছাড়াও ফিলিস্তিনের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছে সরকার।

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক, ন্যায়সংগত ও স্থায়ী শান্তির লক্ষ্যে সংলাপ পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে পারে।

এইচ.এস/

পররাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250