শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

প্রবীণ সাংবাদিক নেতা ও অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার মহাখালীর বেসরকারি টেলিভিশন ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম ইকবাল সোবহান চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপির উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. আখতার হোসেন জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবিতে নেওয়া হয়েছে।

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের পর সাংবাদিকদের গ্রেপ্তার ও কারাবন্দী করার আগের ঘটনাগুলো আবার আলোচনায় এসেছে। বিশেষ করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কয়েক জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর ধারাবাহিকতার সঙ্গে এ আটকের কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ইকবাল সোবহান চৌধুরীকে আটকের কারণ সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয় লেখক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে। একই দিন ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে আটক করা হয় দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে। পরে তাদের পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর পাঁচ দিন আগে, ২০২৪ সালের ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে। বিদেশে যাওয়ার সময় তাদের আটক করে পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া ২০২৫ সালের ১০ অক্টোবর সাংবাদিক আজহার আলী সরকারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরিবার অভিযোগ করেছিল, তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১৭ আগস্ট অসুস্থতার বিবেচনায় তিনি জামিন পান। তবে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোয় তার কারামুক্তি আটকে যায়। পরে জামিনে মুক্তি পাওয়ার কয়েকদিন পর তিনি মারা যান।

সাংবাদিক ও টক শোর আলোচিত মুখ আনিস আলমগীরকে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৮ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে ৫ মার্চ একটি মামলায় এবং ১১ মার্চ আরেক মামলায় জামিন পাওয়ার পর তার কারামুক্তির পথ তৈরি হয়।

জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদকে ২০২৫ সালের ৭ ডিসেম্বর মালিবাগের বাসা থেকে আটক করে ডিবি। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৬ মে জামিনে মুক্তি পান তিনি।

এসব ঘটনার মধ্যে ইকবাল সোবহান চৌধুরীর আটকের বিষয়টি নতুন করে সাংবাদিকদের নিরাপত্তা, আইনি প্রক্রিয়া এবং সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করেছে। শেখ হাসিনার সরকারের তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই প্রবীণ সাংবাদিক দেশে সাংবাদিক নেতৃত্বের পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সংবাদপত্রের সম্পাদনার সঙ্গে যুক্ত।

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও কারাবাসের ঘটনাগুলোর ক্ষেত্রে অভিযোগের প্রকৃতি, গ্রেপ্তারের আইনগত ভিত্তি এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। একাধিক সাংবাদিকের জামিনে মুক্তি পাওয়ার ঘটনাও এসব মামলার পরবর্তী আইনি পরিস্থিতিকে সামনে এনেছে।

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের পর এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলার বিবরণ প্রকাশ করেনি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবিতে নেওয়ার কথা বলা হলেও আটকের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা স্পষ্ট নয়। ফলে আগের সাংবাদিকদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় তাকে আটক করা হয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর আপাতত পুলিশের বক্তব্য ও পরবর্তী আইনি পদক্ষেপের ওপর নির্ভর করছে।

সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250