ছবি: সংগৃহীত
মাঠে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ। সেই সংঘর্ষেই প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্পেনের ফুটবলে। তবে মাঠের এই মর্মান্তিক ঘটনা এখন আর শুধু ফুটবলের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। শুরু হয়েছে পুলিশি তদন্তও। অভিযোগ প্রমাণিত হলে কারাদণ্ড পর্যন্ত হতে পারে প্রতিপক্ষ আন্দরার গোলরক্ষক হেসুস ওওনোর।
সোমবার স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল তেনেরিফে ও আন্দররা। হেলিওদোরো রদ্রিগেজ লোপেজ স্টেডিয়ামে ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ঘটে দুর্ঘটনাটি। বল দখলের জন্য গোলপোস্ট ছেড়ে অনেকটা সামনে এগিয়ে আসেন আন্দরার গোলরক্ষক ওওনো। একই বলের দিকে ছুটছিলেন তেনেরিফের ফরোয়ার্ড দে মিগেল। দুজনের সংঘর্ষে গোলরক্ষকের হাঁটু গিয়ে লাগে মিগেলের বুকে।
মাঠেই জ্ঞান হারান স্প্যানিশ ফরোয়ার্ড। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। দীর্ঘ চেষ্টায় তার হৃৎস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার সকালে মারা যান দে মিগেল। ঘটনার পরই ওওনোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এই মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে স্পেনের জাতীয় পুলিশের হত্যাকাণ্ড তদন্ত বিভাগ। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, অবহেলাজনিত হত্যাকাণ্ডের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শুরু হওয়ার অর্থ এই নয় যে, গোলরক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে কিংবা তিনি অপরাধী হিসেবে বিবেচিত হচ্ছেন।
ক্যানারি দ্বীপপুঞ্জের উচ্চ আদালত জানিয়েছে, স্বাভাবিক কারণের বাইরে কোনো মৃত্যু ঘটলে স্পেনের আইন অনুযায়ী বিচার বিভাগীয় তদন্ত বাধ্যতামূলক। দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ফলে ওওনোর বিরুদ্ধে তদন্তের বিষয়টিকে এখনই ফৌজদারি অপরাধের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।
তবে তদন্তে গুরুতর অবহেলার মাধ্যমে মৃত্যুর কারণ হওয়ার বিষয়টি প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়তে পারেন ২৫ বছর বয়সী এই গোলরক্ষক।
স্পেনের দণ্ডবিধির ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, গুরুতর অবহেলার কারণে কারও মৃত্যু ঘটালে এক থেকে চার বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে তুলনামূলক কম গুরুতর অবহেলার ক্ষেত্রে তিন থেকে আঠারো মাসের হারে নির্ধারিত আর্থিক জরিমানার বিধান রয়েছে।
অবশ্য ওওনোর ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হবে কি না, সেটি পুরোপুরি নির্ভর করছে তদন্তের ফলাফলের ওপর। তার আচরণে আইনগতভাবে শাস্তিযোগ্য অবহেলা ছিল কি না এবং দুর্ঘটনাটি আগে থেকে অনুমান করে এড়ানো সম্ভব ছিল কি না, তা নির্ধারণ করতে হবে তদন্তকারীদের।
এল পাইসের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে ফুটবলের মতো শারীরিক সংস্পর্শের খেলায় দুর্ঘটনাজনিত সংঘর্ষের কারণে কোনো খেলোয়াড়কে ফৌজদারি বিচারের মুখোমুখি করার নজির নেই। ফলে এই ঘটনার বিচারিক পরিণতি কী হবে, তা এখনই বলা কঠিন।
অন্যদিকে সান্তা ক্রুজ দে তেনেরিফের প্রধান সরকারি কৌঁসুলি হোসে লুইস সানচেজ-হাউরেগি স্পেনের সংবাদ সংস্থা ইএফইকে জানিয়েছেন, ঘটনাটি খেলা চলাকালে ঘটায় ফৌজদারি মামলা আদালতে বিচারের পর্যায়ে পৌঁছানো বেশ কঠিন হতে পারে।
কারাদণ্ডের সম্ভাবনার পাশাপাশি মাঠের শাস্তিও অপেক্ষা করতে পারে ওওনোর জন্য। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১০২ অনুচ্ছেদ অনুযায়ী, খেলা চলাকালে সহিংস আচরণের ফলে প্রতিপক্ষ গুরুতর আঘাত পেলে চার থেকে বারো ম্যাচ নিষিদ্ধ করার বিধান রয়েছে।
এল পাইসের সঙ্গে কথা বলা বিশেষজ্ঞদের ধারণা, ঘটনার ভয়াবহতা বিবেচনায় সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞাও পেতে পারেন ওওনো। তবে প্রতিপক্ষের মৃত্যুর জন্য স্বয়ংক্রিয়ভাবে কোনো নির্দিষ্ট শাস্তি কার্যকর হয় না। সংশ্লিষ্ট শৃঙ্খলা কমিটিকে সংঘর্ষের পরিস্থিতি, রেফারির প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে স্প্যানিশ ফুটবলবিষয়ক অনুষ্ঠান এস্তুডিও ফুটবলে আইনগত বিষয়গুলো ব্যাখ্যা করেছেন মারিয়ানা গালভান, ‘এখানে তদন্তের তিনটি দিক রয়েছে, ক্রীড়া, ফৌজদারি ও শ্রমসংক্রান্ত। এর মধ্যে ফৌজদারি বিষয়টিই সবচেয়ে গুরুতর। ওওনোর পক্ষে একটি বিষয় রয়েছে, সেটি হলো সংঘর্ষের সময় বল খেলার মধ্যে ছিল। আমরা এখনই এটিকে দুর্ঘটনা বলতে পারি না। তবে গোলরক্ষকের কর্মকাণ্ড এবং ক্রীড়াসংক্রান্ত দিকটি পরীক্ষা করতে পারি।’
ময়নাতদন্তের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্ত শুরু হয়েছে এবং কী ঘটেছিল, তার ব্যাখ্যা দিতে গোলরক্ষককে আদালতে হাজির হতে হবে।’
এ ধরনের ঘটনার জন্য ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আইএফএবির আরও কঠোর ব্যবস্থা বিবেচনা করা উচিত বলেও মনে করেন তিনি। তার মতে, মাঠে খেলোয়াড়েরা অনেক সময় যথেষ্ট সুরক্ষিত থাকেন না। মাথায় একটি আঘাত যেমন একজন ফুটবলারের ক্যারিয়ার শেষ করে দিতে পারে, তেমনি এই ঘটনায় শেষ হয়েছে একটি জীবন।
খবরটি শেয়ার করুন