ছবি: সংগৃহীত
সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গত রোববার (১৮ই জানুয়ারি) এই চুক্তি হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
চুক্তিতে বলা হয়েছে, এসডিএফ বাহিনীকে সিরীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা হবে। উত্তর-পূর্ব সিরিয়ায় সিরীয় সরকার এবং এসডিএফের মধ্যে কয়েক দিনের প্রচণ্ড লড়াইয়ের পর এই সমঝোতা হলো। ইউফ্রেটিস বা ফোরাত নদীসংলগ্ন কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা এবং তেলক্ষেত্রগুলোর দখল নিয়ে সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে সংঘর্ষ চলছিল।
দামেস্কে এক ভাষণে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, এই চুক্তির মাধ্যমে তিনটি পূর্ব ও উত্তরাঞ্চলীয় প্রদেশ—আল-হাসাকা, দেইর আজ-জোর এবং রাক্কা—যেগুলো আগে এসডিএফের নিয়ন্ত্রণে ছিল, সেখানে সিরীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম শুরু করবে।
আল-শারা বলেন, ‘আমরা আমাদের আরব গোত্রগুলোকে শান্ত থাকার এবং চুক্তির শর্তাবলি বাস্তবায়নে সহযোগিতা করার পরামর্শ দিচ্ছি।’
চুক্তির শর্ত অনুযায়ী, আইএসআইএল (আইএস) বন্দী ও ক্যাম্পের দায়িত্বে থাকা এসডিএফ প্রশাসন এবং স্থাপনাগুলো পাহারায় নিয়োজিত বাহিনীকে দেশের রাষ্ট্রীয় কাঠামোর অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে সরকার এখন থেকে এসবের পূর্ণ আইনি ও নিরাপত্তা-সংক্রান্ত দায়িত্ব পালন করবে।
পাশাপাশি, জাতীয় অংশীদারত্ব নিশ্চিত করার লক্ষ্যে এসডিএফ কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক, নিরাপত্তা এবং বেসামরিক উচ্চপদস্থ পদগুলোর জন্য তাদের নেতাদের একটি তালিকা প্রস্তাব করবে।
দামেস্কে সিরিয়া-বিষয়ক মার্কিন বিশেষ দূত টম বারাকের সঙ্গে বৈঠকের পর আল-শারা এ ঘোষণা দেন। এসডিএফের প্রধান মাজলুম আবদির এই বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও আল-শারা জানান, আবহাওয়া প্রতিকূল থাকায় তার সফর সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন