শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংগীতে রুনা লায়লার ছয় দশক

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলা সংগীতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। উপমহাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও তিনি সমানভাবে সম্মানিত। মাত্র ছয় বছর বয়সে সংগীতে যাত্রা শুরু করেছিলেন তিনি। বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় গান গেয়ে বিশ্বমঞ্চে নিজের অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এ সংগীতশিল্পী।

আজ ১৭ই নভেম্বর, সোমবার এ কিংবদন্তির জন্মদিন। এবারের জন্মদিনও যথারীতি পারিবারিক আয়োজনেই উদযাপন হবে বলে জানান তিনি। বেশ কয়েক বছর ধরে তার জন্মদিনকে ঘিরে নতুন প্রজন্মের শিল্পীদের বিশেষ আয়োজন থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবার বড় কোনো আয়োজন থেকে বিরত থাকছেন রুনা লায়লা।

তিনি জানান, জন্মদিনে নানা জায়গা থেকে শুভেচ্ছা বার্তা পান, সবার ভালোবাসা আর দোয়ায় সিক্ত হন।

রুনা লায়লার দীর্ঘ সংগীতজীবনে তার গাওয়া গান ‘দমা দম মাস্ত কালান্দার’ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি পায়। নতুন করে গানটি তিনি গেয়েছেন কোক স্টুডিও বাংলার জন্য। গতকাল কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এ গান। তৃতীয় সিজনের ঘোষণা আসার পর থেকেই শোনা যাচ্ছিল, এ সিজনে গান করবেন রুনা লায়লা।

যদিও কর্তৃপক্ষ তখন কোনো মন্তব্য করেনি। গত বছরই রুনা লায়লা নিশ্চিত করেছিলেন, তিনি গানটি রেকর্ড করেছেন। অবশেষে ১৪ই নভেম্বর টিজার প্রকাশের পর গতকাল পূর্ণাঙ্গ গানটি প্রকাশ করা হলো।

এদিকে রুনা লায়লার জন্মদিন উপলক্ষে আজ প্রকাশ পাচ্ছে তাকে নিয়ে লেখা উপন্যাস ‘মায়ার সিংহাসন’। লেখক আব্দুল্লাহ আল মুক্তাদির এ উপন্যাসে তুলে ধরেছেন বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও কিংবদন্তি হয়ে ওঠার গল্প। প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।

জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা জানান, এ সময়ে এসে পরিবারের সদস্যদের ঘিরেই জন্মদিন উদযাপন করা হয়, এবারো তাই হবে। বয়সের পালা বদলাতে বদলাতে ছোটবেলার জন্মদিনগুলোর কথা আজও সবচেয়ে বেশি মনে পড়ে তার। মা নতুন জামা বানিয়ে দিতেন, রান্না করতেন মজার খাবার। সেই সব স্মৃতি এখনো তাকে ভীষণভাবে নাড়া দেয়।

৬০ বছরেরও বেশি সময়ের সংগীতযাত্রায় বাবা-মা ও বড় বোন দীনা লায়লাসহ পরিবারের সদস্যদের অসীম সমর্থন না পেলে এত দূর আসা সম্ভব হতো না বলে জানান এ কিংবদন্তি শিল্পী।

হাজারো গান গেয়েছেন রুনা লায়লা। প্রতিটি গানই তার কাছে ছিল চ্যালেঞ্জ। যে ভাষারই গান হোক, রেকর্ডিংয়ের সময় নতুন কিছু শেখার সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করেন রুনা লায়লা। আজও তিনি সেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং নতুন কিছু শিখে নিজেকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করেন।

জে.এস/

রুনা লায়লা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250