ছবি: সংগৃহীত
উৎস বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ‘উৎস সন্ধ্যা ২০২৫’। সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে তহবিল সংগ্রহের জন্য এ আয়োজন। আজ শুক্রবার (২১শে নভেম্বর) শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উৎস সন্ধ্যা ২০২৫ অনুষ্ঠিত হবে। সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও কোনাল।
শুধু সংগীত উপভোগ নয়, এ আয়োজনের মাধ্যমে শিশুদের স্বপ্নপূরণে পাশে দাঁড়ানোর সুযোগও পাবেন অতিথিরা। অনুষ্ঠান থেকে প্রাপ্ত সব তহবিল ব্যয় করা হবে উৎস বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা শিশুদের কল্যাণে।
উৎস সন্ধ্যা ২০২৫-এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০-৪০০০ টাকা। টিকিফাই প্লাটফর্মের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। টিকিট ও অন্যান্য বিষয়ে তথ্য জানা যাবে উৎস বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে।
১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে উৎস বাংলাদেশ দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে। প্রায় ৩২ বছর ধরে প্রান্তিক শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে আসছে কমিউনিটিভিত্তিক এ সংস্থা।
উৎস বর্তমানে ৫৬৯ জন শিশুর পরিচর্যা করছে, যার মধ্যে ৮৫ জন সংস্থাটির বৃহত্তম ক্যাম্পাস গাজীপুরে আবাসিক সুবিধা ও শিক্ষাগ্রহণের সুবিধা পাচ্ছে। পাশাপাশি শিশুদের টেকসই উন্নয়নের লক্ষ্যে সংস্থাটি উৎস ক্যাটারিং সার্ভিস, উৎস গ্রোসারি এবং টেইলারিং ও ব্লক প্রিন্টিংয়ের মতো নানা উদ্যোগ চালু করেছে।
এসব উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে অবদান রাখার একটি সুযোগও তৈরি করেছে উৎস বাংলাদেশ। আগ্রহী ব্যক্তিরা চাইলে কোনো শিশুর স্পন্সর হতে বা বিভিন্ন কর্মসূচিতে অনুদান দিয়ে সহায়তা করতে পারেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন