বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

বন্ধুদের খাওয়াতে ৭০ হাজার ললিপপ অর্ডার ৮ বছরের শিশুর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৫

#

লিয়াম ও তার মা হলি লাফেভার্স। ছবি: সংগৃহীত

আমেরিকার  কেন্টাকিতে ঘটেছে এক আজব ও মজার ঘটনা। মা-ছেলের কাণ্ডকারখানা এলাকাটিতে রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছে। স্থানীয় নারী হলি লাফেভার্স এক সকালে দেখলেন, তার বারান্দা ভর্তি ললিপপের বাক্স। ছোটখাটো দোকানের মতো অবস্থা। কিন্তু এই অর্ডার তিনি নিজে দেননি। কে দিয়েছে? মায়ের ফোনে খেলে বেড়ানো তার ৮ বছরের ছেলে লিয়াম! আর এসব ললিপপের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা। খবর এপির। 

মায়ের ভাষায়, লিয়ামের মাথায় না কি দারুণ এক আইডিয়া এসেছিল—নিজে একটা কার্নিভ্যাল করবে। আর সেই কার্নিভ্যালে অংশ নেওয়া বন্ধুরা যাতে পুরস্কার পায়, সে জন্যই একেবারে হাজার হাজার ললিপপ কিনে ফেলল সে। লাফেভার্স পরে জানান, ছেলের উদ্দেশ্য আসলে খারাপ ছিল না, বরং দারুণ উদার ছিল। তবে ‘উদারতার’ খেসারতটা দিতে হচ্ছিল তাকেই।

কারণ, আমাজনে দেওয়া ওই অর্ডারে ছিল প্রায় ৭০ হাজার ‘ডাম-ডাম’ ললিপপ। এর মধ্যে ২২ বাক্স এসে পৌঁছাল সরাসরি বাড়ির দরজায়। আর সঙ্গে সঙ্গেই ব্যাংক অ্যাকাউন্ট চেক করে লাফেভার্সের মাথা ঘুরে গেল। একেবারে ৪ হাজার ডলারের বিল! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ৮৫ হাজার টাকার মতো। তিনি বলেন, ‘সংখ্যাটা দেখে আমি প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলাম।’

তবে বিপদ তখনো পুরোপুরি শেষ হয়নি। পরে জানা গেল, আরও ৮ বাক্স কোথাও আটকে আছে। শেষ পর্যন্ত পোস্ট অফিসে গিয়ে দেখা গেল, সেগুলো ফেরত পাঠানো হয়েছে।

এত কাণ্ডের পর শুরু হলো রিফান্ডের লড়াই। ব্যাংকের সঙ্গে যোগাযোগ, খোঁজখবর, এমনকি কয়েকটা টিভি চ্যানেলে বিষয়টা আলোচনায় আসার পর অবশেষে আমাজন থেকে ফোন আসে। তারা জানায়, টাকা ফেরত দেওয়া হবে। লাফেভার্সও স্বস্তির নিশ্বাস ফেললেন।

এই ঘটনার পর তিনি ফোনের সেটিংস বদলে ফেলেছেন, যেন ভবিষ্যতে আর কোনো ‘কার্নিভ্যাল প্রজেক্ট’ গোপনে শুরু না হয়ে যায়।

এখন প্রশ্ন হলো—লিয়ামের স্বপ্নের কার্নিভ্যাল কি আর হবে? নাকি আপাতত কেবল মায়ের কড়া নজরদারির মধ্যেই থাকতে হবে তাকে? তবে যেটাই হোক, লিয়ামের এই মিষ্টি ‘কাণ্ডকারখানা’ আপাতত গোটা এলাকায় মজার আলোচনায় পরিণত হয়েছে।

জে.এস/

আমাজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250