বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এ আর রহমানকে অতিথি করায় কপিল শর্মাকে তোপ বিজেপি নেতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

অস্কারজয়ী সুরকার এআর রহমান হিন্দি সিনেমা জগতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে মন্তব্য করায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। বলিউডে তাকে ‘কোণঠাসা’ করা হচ্ছে—এমন দাবি তারকাদের মতভেদ থাকলেও এ সুরকারের মন্তব্য নিয়ে এখনো চর্চা চলমান। দীর্ঘদিন কাজ না পাওয়ার অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করেন এ কিংবদন্তি সংগীত পরিচালক। এবার এ সুরকারকে নিজের অনুষ্ঠানে অতিথি করায় কড়া সমালোচনার মুখে পড়েন জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র বিরোধিতা করা হয়েছে। 

সামাজিক মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি পর্বে সম্প্রতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআর রহমান। এতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা নীতেশ রানে। তার দাবি, এআর রহমান সম্প্রতি ধর্মীয় বিভাজন নিয়ে যে মন্তব্য করেছেন, তা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ অবস্থায় তাকে একটি জনপ্রিয় জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে জায়গা দেওয়া সমীচীন হয়নি।

নীতেশ রানে আরও বলেন, বিনোদনের স্বাধীনতা আমরা মানি, কিন্তু জাতীয়তাবাদ ও মানুষের ধর্মীয় অনুভূতিকে সবার আগে গুরুত্ব দিতে হবে। কৌতুক বা বিনোদনের নামে দেশের সংস্কৃতি ও সংহতির সঙ্গে আপস করা চলবে না। পরে এ সংগীতশিল্পী বলেন, কোনো বিশেষ গোষ্ঠীকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না এবং তিনি একজন গর্বিত ভারতীয় হিসেবে এ দেশের স্বাধীনতা উপভোগ করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এআর রহমান অভিযোগ করে বলেন, গত আট বছরে তিনি অনেক কাজ হারিয়েছেন এবং এর পেছনে ‘ধর্মীয় বিভাজন’ কাজ করেছে। তার এ মন্তব্যের পরই ভারতে ব্যাপক বিতর্ক শুরু হয়। 

জে.এস/

এ আর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250