শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

চট্টগ্রামে যাত্রা শুরু বিশেষায়িত পশু হাসপাতালের, মিলবে ২৪ ঘণ্টা জরুরি সেবা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

পোষ্য প্রাণীর আধুনিক চিকিৎসা, উন্নত রোগ নির্ণয়, জটিল অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার সুবিধা নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম স্পেশালাইজড ভেটেরিনারি কেয়ার (সিএসভিসি)। নগরীর দক্ষিণ খুলশী এলাকায় সোমবার (১২ অক্টোবর) বিকেলে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি এম এয়াকুব আলী, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর এবং ইনফ্লুয়েন্সার পাপড়ি সিকদার।

উদ্যোক্তাদের দাবি, চট্টগ্রামে পোষ্য প্রাণীর জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসর বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত হাসপাতালটি আধুনিক পশুচিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে জরুরি চিকিৎসা, জটিল রোগ নির্ণয়, অস্ত্রোপচার ও অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বর্তমানে নগরজীবনে কুকুর, বিড়ালসহ বিভিন্ন পোষ্য প্রাণী অনেক পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তবে এসব প্রাণীর জটিল রোগ, দুর্ঘটনা কিংবা গভীর রাতে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে উপযুক্ত সেবা পাওয়া অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে ২৪ ঘণ্টা পশু চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে।

হাসপাতালটিতে রয়েছে ২৪ ঘণ্টা জরুরি পশুচিকিৎসা, উন্নত রোগ নির্ণয়ের ব্যবস্থা, বিশেষায়িত অস্ত্রোপচার, নিবিড় পরিচর্যা এবং অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার সুবিধা। পাশাপাশি পোষ্য প্রাণীর রোগ প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

এয়াকুব গ্রুপের কো-চেয়ারম্যান নাহিদ ফারহানার উদ্যোগে একদল পশুচিকিৎসক ও পেশাজীবীর সমন্বয়ে গড়ে উঠেছে সিএসভিসি। উদ্যোক্তা ও সংশ্লিষ্ট চিকিৎসকদের সবাই চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভিএএসইউ) প্রাক্তন শিক্ষার্থী। তাদের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও আধুনিক চিকিৎসাপদ্ধতির সমন্বয়ে পোষ্য প্রাণীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, ‘মানুষের মতো প্রাণীদেরও অসুস্থতা ও দুর্ঘটনার সময় যথাযথ চিকিৎসা প্রয়োজন। পোষ্য প্রাণীর জন্য আধুনিক, মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর বলেন, পশুচিকিৎসার ক্ষেত্রে আধুনিক রোগ নির্ণয়, দক্ষ চিকিৎসক, উন্নত চিকিৎসা সরঞ্জাম ও নিবিড় পরিচর্যার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাসপাতালটির পরিচালক ডা. পার্থ সামন্ত বলেন, পোষ্য প্রাণীর অনেক অসুস্থতা ও দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সেবা নিশ্চিত করতে হাসপাতালটি কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. শুভ কান্তি দাশ, ডা. মো. আসলাম হোসেন, ডা. উম্মে খায়ের ফাতেমা সাদী, ডা. ফারজানা আক্তার, ডা. কাজী আসমা আকতার, ডা. অন্দ্রীলা আক্তার, ডা. মুহাম্মদ সায়েম আব্দুল্লাহ, ডা. আরফানুল সাইফ, ডা. মো. শাহাদাত হোসেন, ডা. নাজিফা তাবাসসুম আরশী, ডা. মো. নাঈম উদ্দিন নিপু, ডা. বৃষ্টি ধর নন্দিতা এবং প্রকৌশলী ময়ূখ দে।

চট্টগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250