বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাশিয়ায় পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমান বিধ্বস্ত, নিহত ৬ *** নেতানিয়াহুকে হারিয়ে আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠনে বিরোধীদের ঐক্য *** অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর সিদ্ধান্তে ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্ট *** উপকূলের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত *** ‘অসমাপ্ত আত্মজীবনী দেশের ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ বই’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ কোনো বই নয় *** অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে ঘটনা ‘জাতির জন্য অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য করা হলো *** তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ *** যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ বেড়েছে ২৪০ শতাংশ

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ দোররার সাজা বহাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৯ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

হিজাব না পরে গান পরিবেশন করায় ইরানের জনপ্রিয় এক নারী সংগীতশিল্পীকে দেওয়া ৭৪টি দোররা মারার সাজা বহাল রেখেছেন দেশটির একটি আপিল আদালত। কোনো ধরনের আনুষ্ঠানিক শুনানি ছাড়াই নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখা হয়েছে বলে আইনজীবীদের বরাতে জানিয়েছে বিবিসি। ২৯ বছর বয়সী ওই সংগীতশিল্পীর নাম পারাস্তু আহমাদি। ২০২৪ সালের ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক কনসার্টে হিজাব ছাড়া স্লিভলেস পোশাক পরে গান পরিবেশন করেছিলেন তিনি।

ইরানি আইনে নারীদের প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ এবং নারীদের জন্য হিজাব ও শালীন পোশাক পরার কঠোর বিধান রয়েছে। আহমাদির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা লাখ লাখ দর্শক দেখেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই ইরানের বিচার বিভাগ এটিকে ‘আইনি ও সাংস্কৃতিক বিধিমালার লঙ্ঘন’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে মামলা করে।

গত জুনে কোম প্রদেশের একটি ফৌজদারি আদালত আহমাদি এবং তার ব্যান্ডের আট সদস্যকে ‘অশ্লীল কনটেন্ট প্রকাশের মাধ্যমে জনশালীনতা ভঙ্গের’ অভিযোগে দোষী সাব্যস্ত করেন। আহমাদিকে ৭৪টি দোররা মারার পাশাপাশি দুই বছরের জন্য সব ধরনের অডিও-ভিজ্যুয়াল কাজ এবং দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হলে গত শুক্রবার কোনো শুনানি ছাড়াই তা খারিজ করে দেওয়া হয়।

আহমাদির একজন আইনজীবী বিবিসিকে বলেন, ‘আমাদের দৃষ্টিতে এই কনসার্টের আয়োজন কোনো অপরাধই ছিল না। এসব অভিযোগের ক্ষেত্রে আর্থিক জরিমানা বা লঘুদণ্ড দেওয়ার সুযোগ থাকলেও বিচারিক আদালত সবচেয়ে কঠোর শাস্তিগুলোর একটি চাপিয়ে দিয়েছিলেন। আপিল আদালত কোনো শুনানি গ্রহণ করেননি এবং আগের রায়ই বহাল রেখেছেন। মনে হচ্ছে, ভবিষ্যতে যাতে কেউ এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটায়, সেই ভীতি তৈরি করতেই এই রায় দেওয়া হয়েছে।’

এদিকে এই সাজার ঘটনায় ইরানজুড়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। নির্বাসিত জনপ্রিয় ইরানি গায়িকা গুগুশ ইনস্টাগ্রামে লেখেন, ‘এই অন্ধকার দিনগুলো শেষ হোক, নারীরা যেন তাদের জীবন ও পোশাকের স্বাধীনতা ফিরে পান।’ সংহতি প্রকাশ করে খ্যাতিমান সংগীতজ্ঞ হোসেইন আলিজাদেহ বলেন, তিনি আহমাদির হয়ে নিজ শরীরে দোররা নিতে রাজি আছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সাজাকে ‘নিষ্ঠুর, অমানবিক ও আন্তর্জাতিক মানবাধিকার নীতির লঙ্ঘন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে।

ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250