মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন। আজ শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর উত্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের ফলে এটা হয়েছে। এটা একটা বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ। যখনই গণতন্ত্র চাপা থাকে, মানুষের কণ্ঠ রোধ করা হয়, তখন উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে থাকে—সেটাই এ দেশে ঘটেছে। আজকে জামায়াতের যেটুকু উত্থান হয়েছে, তা আওয়ামী লীগের কারণেই হয়েছে। তাদের দমন–পীড়নমূলক শাসন, বিরোধী দলকে কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়া, নির্বাচন করতে না দেওয়ার কারণে এটা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি অত্যন্ত কনফিডেন্ট, বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদের (জামায়াত) রিজেক্ট করেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও জনকল্যাণমূলক রাজনীতির মধ্য দিয়ে তাদের অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।’ বিএনপির রাষ্ট্র সংস্কারের কথা, প্রতিশ্রুতি ও পয়েন্টগুলো জনগণ গ্রহণ করেছে বলে এই ‘ল্যান্ডস্লাইড ভিক্টোরি’ বলে তার মত।

জাতীয় সরকার গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব সময় আমাদের কমিটমেন্টে অটল থাকি। আমরা বলেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বিএনপির সঙ্গে রাস্তায় যুগপৎ আন্দোলন করেছেন, যাদের সঙ্গে নিয়ে নির্বাচন করেছি, তাদের সঙ্গে নিয়ে আমরা ইনশা আল্লাহ সরকার গঠন করব।’ 

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘জুলাই সনদের যেসব অংশে আমরা সই করেছি, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতে থাকব। আমাদের যে ৩১ দফা আছে, সেগুলো পর্যায়ক্রমে কার্যকর করব।’

রংপুর বিভাগে জামায়াতে ইসলামীর বেশি আসন পাওয়া প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘এটার বিভিন্ন কারণ আছে। বৃহত্তর দিনাজপুরে কিন্তু জামায়াত একটাও আসন পায়নি। বৃহত্তর দিনাজপুরে ৩টি জেলা, ১১টি আসন। সেই আসনগুলো বিএনপি পেয়েছে। আমরা আশাবাদী, আমরা যদি জনগণের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারি, রাজনৈতিক-সাংগঠনিকভাবে যদি কাজ করতে পারি, অবশ্যই এই প্রবণতাকে দূর করতে পারব।’

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহসভাপতি আবু তাহের, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250