সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) সন্ধ্যায় টেলিফোনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন এবং সে দেশের সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের সহায়তা ও সংহতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। খবর বাসসের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী অমরাসুরিয়া শ্রীলঙ্কায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের ‘সহানুভূতি ও সংহতির প্রকাশ এবং সহায়তার’ জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। এসব দুর্যোগে গত এক সপ্তাহে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিফোনালাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে তিনি অব্যাহতভাবে শ্রীলঙ্কার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রয়োজনে বাংলাদেশ অতিরিক্ত জরুরি সহায়তা ও দুর্যোগ-প্রতিক্রিয়া বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত রয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘যা কিছু প্রয়োজন, বাংলাদেশ তা করতে প্রস্তুত।’ প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া জানান, তার সরকার বর্তমানে ভারী বৃষ্টি ও ব্যাপক বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিসংখ্যান নিরূপণে কাজ করছে।

টেলিফোনালাপের সময় প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং ঢাকা-কলম্বোর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহী বলে জানান।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে সাক্ষাৎ হয়।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250