সোমবার, ৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাবি, পল্লবীর পর সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ *** ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮–৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ *** সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর মুক্তি দাবি অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিকের *** জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই মাদকের কারবার *** শেখ হাসিনা প্যারাসুটে নামবেন, সবাই ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানাবে—এটা কি সম্ভব: রিজভী *** টিএসসি এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ২ *** ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার, চলবে ৮ কার্যদিবস *** প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয় *** নওগাঁয় ১৫ শিক্ষার্থীর চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা *** দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: শাহবাজ শরিফ

বক্তৃতায় জিয়ার নাম না নেওয়ায় বিএনপির ক্ষোভ, দুঃখপ্রকাশ শিক্ষা কর্মকর্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ। এ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। পরে নিজের বক্তব্যের বিষয়ে দুঃখপ্রকাশ করে ৭ নভেম্বরের তাৎপর্য এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের বিষয়টি তুলে ধরলে পরিস্থিতি শান্ত হয়।

আজ শনিবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নাম থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

উপস্থিত বিএনপি নেতা-কর্মী ও বিভিন্ন কর্মকর্তারা জানান, অনুষ্ঠানের একপর্যায়ে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ। তার পুরো বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় উপস্থিত বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। এতে হলরুমে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি বুঝতে পেরে আসন ছেড়ে আবার মঞ্চে যান শিক্ষা কর্মকর্তা। এ সময় তিনি তার বক্তব্যের বিষয়ে দুঃখপ্রকাশ করেন এবং সাত নভেম্বরের তাৎপর্য ও জিয়াউর রহমানের নেতৃত্বের বিষয়টি তুলে ধরেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মোহনগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ বলেন, শিক্ষা কর্মকর্তা তার বক্তব্যে একবারও জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি। সাত নভেম্বরের সঙ্গে জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। তাকে বাদ দিলে এ দিবসের কোনো অর্থ থাকে না। এ কারণে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে কর্মকর্তা দুঃখপ্রকাশ করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, বক্তব্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি উপলব্ধি করে শিক্ষা কর্মকর্তা দুঃখপ্রকাশ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ জানান, অনুষ্ঠানে তাকে স্বাগত বক্তব্য দিতে বলা হয়েছিল। আগে থেকে কোনো লিখিত বক্তব্য বা স্ক্রিপ্ট প্রস্তুত ছিল না। তাৎক্ষণিকভাবে বক্তব্য দেওয়ায় তার আলোচ্য প্রসঙ্গে জিয়াউর রহমানের নাম আসেনি।

এ শিক্ষা কর্মকর্তা আরও বলেন, বক্তব্য শেষে একজন মঞ্চে উপস্থিত ইউএনওর কাছে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। দর্শক সারিতে কয়েকজন উত্তেজিত হয়ে পড়েন। পরে তিনি আবার বক্তব্য দিয়ে বিষয়টি স্পষ্ট করেন। এ সময় ৭ নভেম্বরের তাৎপর্য এবং জিয়াউর রহমানের নেতৃত্বের বিষয়টি তুলে ধরলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, ‘শিক্ষা কর্মকর্তা তার বক্তব্যে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় উপস্থিত নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছিলেন। কর্মকর্তা বলেছেন-লিখিত বক্তব্য না থাকায় এমনটা হয়েছে। ওই বিষয়টা সেখানেই সুরাহা হয়েছে।’

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250