বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কারো অধিকার নাই একটা আদর্শকে হত্যা করার: আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাবেক অ্যাটর্নি জেনারেল ও বর্তমানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামানের একটি পথসভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে হয়েছে। ওই ভিডিওতে তাকে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ নিষিদ্ধের রিট পিটিশন নিয়ে আদালতে নিজের অবস্থানের কারণ ব্যাখ্যা করতে দেখা যায়। তিনি দাবি করেছেন, কোনো রাজনৈতিক আদর্শকে হত্যা করাকে তিনি সমর্থন করেন না বলেই তখন রিটের বিরোধিতা করেছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে আসাদুজ্জামানকে সমবেত জনতার উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আমরা দেশে একটি আদর্শিক রাজনীতি চাই। আপনারা জানেন, ২৪-এর আগস্টের পরে আওয়ামী লীগকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছিল। আমি তখন অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি আদালতে দাঁড়িয়ে বলেছিলাম যে, যারা এই পিটিশন নিয়ে এসেছেন তাদের কোনো অধিকার নেই একটা আদর্শকে হত্যা করার।’

তিনি আরও যোগ করেন, ‘আওয়ামী লীগে যেমন খুনি আছে, তেমনি অনেক আদর্শিক সৈনিকও আছে। সেদিন আমি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার রিটে হাইকোর্টে বাধা দিয়েছিলাম কারণ আমরা আদর্শের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা কোনো আদর্শকে হত্যা করে রাজনীতি করতে চাই না।’

উল্লেখ্য যে, ২০২৪ সালের আগস্টে মানবাধিকার সংগঠন 'সারডা সোসাইটি'র পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের দাবিতে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। তৎকালীন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আদালতে যুক্তি দিয়েছিলেন যে, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই এবং রিট আবেদনকারীর এ ধরনের আবেদন করার কোনো আইনি এখতিয়ার নেই। তার এই জোরালো অবস্থানের প্রেক্ষিতে আদালত রিটটি সরাসরি খারিজ করে দিয়েছিলেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বর্তমান সময়ের একটি বিতর্কিত স্লোগান নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘আজকে একটা বিতর্ক তৈরি করা হয়েছে। এখানে উনিও কথায় বলেছেন, ‘৭১ না ২৪ না ৭১’—এরকম একটি স্লোগান একটি বিশেষ মহল সামনে আনার চেষ্টা করছে।’

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান। পরে জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে ওই পদ থেকে পদত্যাগ করেন তিনি।

মো. আসাদুজ্জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250