দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সব ধরনের আপডেট জনগণের কাছে পৌঁছে দিতে অফিশিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে।
আজ বুধবার (১৮ই ফেব্রুয়ারি) নতুন সরকার প্রথম কার্যদিবসে এই ফেসবুক পেজটি উদ্বোধন করে। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’। পেজটির ডিসপ্লে পিকচার হিসেবে রাখা হয়েছে প্রধানমন্ত্রীর ছবি।
এর আগে গতকাল মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও বিকেলে মন্ত্রিপরিষদের শপথের পর একই দিন রাতে গেজেট জারি করে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়া হয়।
পরে আজ সকাল ১০টার দিকে ‘Chief Advisor GOB’ পেজ থেকে এক পোস্টে এখন থেকে পেজটির সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।
অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি নিষ্ক্রিয় করা হলেও পেজের আগের পোস্ট, ছবি, ভিডিও দেখা যাবে। এক বার্তায় বলা হয়েছে, ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেজটি যথারীতি থেকে যাবে, এর সব কনটেন্ট সব সময় অ্যাকসেসিবল থাকবে।
শুধু এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে, যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সব কার্যক্রম সমাপ্ত হয়েছে।
এর আগে সবাইকে ‘ধন্যবাদ’ দিয়ে পেজটিতে দেওয়া প্রথম বার্তায় বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না। গত ১৮ মাস সময়কালজুড়ে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।’
আরো বলা হয়েছে, ‘আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরো মূল্যবান ও সমৃদ্ধ করেছে।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষে, প্রধান উপদেষ্টার প্রেস উইং ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বার্তা দেওয়া হয়েছে।
খবরটি শেয়ার করুন