রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

হিন্দুপল্লিতে হামলা: সাংবাদিক সেলিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ার হিন্দুপল্লিতে হামলার ঘটনায় উসকানির অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে দুইদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ সোমবার (৪ঠা আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে গঙ্গাচড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান সেলিম রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক। গত শনিবার (২রা আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সেনাবাহিনী তাকে আটক করে। পরে তাকে গঙ্গাচড়া থানায় সোপর্দ করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাংবাদিককে আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি আল এমরান পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় দুই দিনের মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ২৬শে জুলাই ফেসবুকে মহানবী মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে আলদাদপুর ছয়আনি বালাপাড়া এলাকার এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার জেরে ওই রাতেই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলা চালানো হয়।

পরদিন সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া মামলায় কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাশের জেলার কিশোরগঞ্জ থানা থেকে দফায় দফায় লোকজন এসে হিন্দুপল্লিতে হামলা চালায়। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে, তাতে একজন পুলিশ সদস্য আহত হন এবং হিন্দু সম্প্রদায়ের একাধিক ঘরবাড়ি ভাঙচুর হয়।

ঘটনার পর রবীন্দ্রনাথ নামে এক ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজনের দুইদিনের রিমান্ড এরই মধ্যে মঞ্জুর হয়েছে। এবার গ্রেপ্তার হাবিবুর রহমান সেলিমকেও রিমান্ডে পেল পুলিশ।

জে.এস/

সাংবাদিক রংপুর বাংলাদেশে হিন্দু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250