ছবি: সংগৃহীত
কখনো এমন হয়েছে কি, অনলাইনে কোনো কিছু পড়তে গিয়ে মনে হয়েছে যে ইচ্ছা করে উসকানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, যাতে আপনি রাগে ফেটে পড়েন? যদি এমন কিছু আপনার সঙ্গে ঘটে থাকে, তবে আপনি ‘রেজ বেইট’ বা ‘রাগ টোপ’–এর মুখোমুখি হয়েছেন।
‘রেজ বেইট’ বলতে এমন এক ধরনের কনটেন্টকে বোঝানো হয়, যেগুলো সচেতনভাবে মানুষকে রাগিয়ে দিয়ে তাকে সম্পৃক্ত বা এনগেজ করতে চেষ্টা করে। তথ্যসূত্র: সিএনএন।
এটি এখন অনলাইনে এতটাই সাধারণ হয়ে উঠেছে যে অক্সফোর্ড ডিকশনারি ‘রেজ বেইট’–কে এ বছর তাদের বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করেছে। অক্সফোর্ড ডিকশনারি এ ঘোষণা দেয়।
যুক্তরাজ্যভিত্তিক এই অভিধান এক বিবৃতিতে বলেছে, এ বছর শব্দটির ব্যবহার তিন গুণ বেড়েছে। প্রবণতাটি বলছে, মানুষ জানে যে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ও উসকানিমূলক কনটেন্টের মাদকতায় সাড়া দিয়ে তারা হুট করে চরম তর্কবিতর্কে জড়িয়ে পড়ছে।
এ বছর প্রায় প্রতিটি প্রধান ডিকশনারি তাদের বর্ষসেরা শব্দ হিসেবে এমন একটি শব্দ নির্বাচন করেছে, যা ইন্টারনেটের সঙ্গে সম্পর্কিত। এই শব্দচয়ন দৈনন্দিন জীবনে প্রযুক্তির প্রভাবের কথা বলছে, আমাদের মুখের ভাষায় তার প্রকাশের রূপ দেখাচ্ছে।
তবে কখনো কখনো ‘রেজ বেইট’ অপেক্ষাকৃত নির্দোষ হতে পারে। যেমন এটা হতে পারে, বিস্বাদ উপকরণ দিয়ে করা একটি রেসিপি। অথবা পোষা প্রাণী, সঙ্গী বা ভাইবোনকে চটানোর কথা বা দৃশ্য।
কিন্তু এটি রাজনৈতিক আলোচনাতেও প্রবেশ করেছে। সাধারণত এসব ক্ষেত্রে মানুষের রাগ-ক্ষোভকে ব্যবহার করা হয় রাজনীতিবিদদের পরিচিতি বাড়াতে এবং প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়ার মালা তৈরি করতে।
কলিন্স ডিকশনারি ২০২৫ সালে বর্ষসেরা শব্দ হিসেবে ‘ভাইব কোডিং’কে বেছে নিয়েছে।
‘ভাইব কোডিং’ বলতে একধরনের সফটওয়্যার বানানো বোঝায়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সাধারণ ভাষাকে কম্পিউটার কোডে রূপান্তরিত করা হয়।
আরও সহজভাবে বললে, প্রোগ্রামিং না জেনেও শুধু কথার মাধ্যমে নির্দেশ (প্রম্পট) দিয়েই একটি সম্পূর্ণ সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরি করাকে ‘ভাইব কোডিং’ বলে।
কেমব্রিজ ডিকশনারির এই বছরের সেরা শব্দ হচ্ছে ‘প্যারাসোশ্যাল’। 'প্যারাসোশ্যাল’ বলতে অনলাইনে অচেনা কারও সঙ্গে গড়ে তোলা সম্পর্ককে বোঝায়।
গত বছর অক্সফোর্ড ‘ব্রেন রট’ শব্দটিকে তাদের বর্ষসেরা শব্দ নির্বাচিত করেছিল। ‘ব্রেন রট’ বলতে বোঝায় অনবরত ডিজিটাল কনটেন্ট ঘাঁটতে ঘাঁটতে বুদ্ধি ক্ষয় করা।
সামাজিক যোগাযোগমাধ্যমের মাত্রাতিরিক্ত ব্যবহার ও ক্রমাগত অন্তঃসারশূন্য আধেয় (কনটেন্ট) দেখার প্রবণতার কারণে যে মানসিক অবক্ষয়, তা বোঝাতে ‘ব্রেন রট’ শব্দটি ব্যবহার হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজের প্রেসিডেন্ট ক্যাসপার গ্র্যাথওয়েল।
জে.এস/
খবরটি শেয়ার করুন