সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

আলোচনার মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালানোর পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ইরানি আলোচকদের ‘ট্যাপ ড্যান্সার’ বা নর্তকী বলে আখ্যা দেন।

তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ট্রাম্প জানান—তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখনো চলছে। তবে আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় তিনি হতাশ। ইরানি আলোচকদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘তারা সব সময় কথা বলে। তারা শুধু কথাই বলে যায়, কিন্তু এসবের সবই বাজে কথা।’

ট্যাপ ড্যান্সার (Tap Dancer) হলেন এমন এক শ্রেণির নৃত্যশিল্পী, যারা জুতার নিচে ধাতব পাত (মেটাল ট্যাপ) লাগিয়ে কাঠের বা শক্ত মেঝেতে পায়ের আঘাত ও ছন্দময় পদচারণার মাধ্যমে বিশেষ ধরনের সুর ও তাল তৈরি করেন।

এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলমান থাকা সত্ত্বেও তেলবাহী ট্যাংকারে হামলা অব্যাহত রেখেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অতিক্রমের সম্ভাব্য প্রচেষ্টা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধ অতিক্রমের চেষ্টা করা ইরানি জাহাজগুলোতে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেওয়া হবে। অবরোধ ভাঙার চেষ্টা করা যেকোনো জাহাজ লক্ষ্য করে মার্কিন বাহিনী গুলি চালাবে বলেও ইঙ্গিত দেন তিনি।

এ ছাড়া ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভের ভিডিও দেখার পর আন্দোলনকারীদের প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে ইরানের নতুন করে হামলা এবং বাহরাইনে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার খবরের মধ্যেই ট্রাম্পের এসব বক্তব্য সামনে এসেছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর জবাবে ইসরায়েল এবং অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় তেহরান। যুদ্ধের অবসান ঘটাতে গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর দুই দেশ আলোচনা শুরু করে। তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে মতপার্থক্যের কারণে পরবর্তী সময়ে আলোচনা স্থবির হয়ে পড়ে। যুদ্ধ বন্ধের প্রচেষ্টা অব্যাহত থাকলেও গত জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250