শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

‘উৎসব’-এর পর হুমায়ূন আহমেদের গল্পে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।

আগামী বছর ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন তানিম নূর। আগামী রোজার ঈদে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে উৎসব বানিয়েছিলেন তানিম নূর।

এবার তিনি বেছে নিয়েছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস। বনলতা এক্সপ্রেস নির্মিত হবে ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। গল্পে দেখা যাবে, অসুস্থ মামাকে দেখতে ট্রেনে করে দিনাজপুর যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা। তার সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যাবে কাহিনি।

হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার লেখা গল্প নিয়ে সরকারি অনুদানে জয়া আহসান ‘দেবী’ বানালেও নানা জটিলতায় ‘পেন্সিলে আঁকা পরী’ বানাতে পারেননি অমিতাভ রেজা চৌধুরী। দুই পরিবারের অনুমতিসংক্রান্ত জটিলতাই বেশি ভুগিয়েছে বলে জানিয়েছিলেন অমিতাভ রেজা।

এরপর হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘লোভ’ নিয়ে সিনেমা বানানোর জন্য ২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছেন পিংকি আক্তার। ‘লোভ’ নামের ওই সিনেমার কোনো খোঁজ নেই। এবার তানিম নূর ঘোষণা দিলেন কিছুক্ষণ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণের।

জানা গেছে, লেখকের পরিবার থেকে উপন্যাসটি নিয়ে সিনেমা নির্মাণের সবুজসংকেত নিয়েই কাজে হাত দিয়েছেন নির্মাতা।

উৎসবের মতো তানিমের নতুন সিনেমায়ও থাকছে নব্বইয়ের দশকের ব্যান্ডের গানের প্রভাব। অ্যানাউন্সমেন্ট ভিডিওর পুরোটা সময় ব্যাকগ্রাউন্ডে বেজেছে অর্থহীন ব্যান্ডের ‘চাইতেই পারো’ গানটি। 

বনলতা এক্সপ্রেসেও অভিনয় করবেন একঝাঁক তারকা। তালিকায় আছে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজের মতো অভিনয়শিল্পীদের নাম। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি।

জানা গেছে, ইতিমধ্যে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী চূড়ান্ত হয়েছেন, বাকিদের সঙ্গে চলছে আলোচনা। সবার সঙ্গে চুক্তি শেষেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে শিল্পীতালিকা। শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাসে।

জে.এস/

বনলতা এক্সপ্রেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250