মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ *** সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ *** পরীমনির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর *** পল্লবীতে শিশুকে ধর্ষণ-হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রীকে খালাস *** গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি *** আত্মহত্যা নয়, জেলখানায় খুন হয়েছেন এপস্টেইন—বলছে ময়নাতদন্তের আলামত

পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো পদত্যাগপত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ওসমান ফারুক লিখেছেন, পদত্যাগের সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পদত্যাগপত্রে ওসমান ফারুক সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদ থেকে ১৪ নভেম্বর তারিখে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে স্পিকারকে অবহিত করেছেন।

ওসমান ফারুক আরও লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এখন তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। এ পরিস্থিতিতে তার স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। তিনি আরও লিখেছেন, এই সিদ্ধান্ত গ্রহণ করা তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৩ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। আজ মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদকে জানান, ওসমান ফারুক ১৪ নভেম্বর পদত্যাগপত্র পাঠান। ১৫ নভেম্বর স্পিকার সেটি হাতে পান।

সূত্র জানায়, স্পিকারকে উদ্দেশ করে ওসমান ফারুক লিখেছেন, তিনি আশা করেন তার এই সিদ্ধান্তে সংসদ সদস্যরা এবং কিশোরগঞ্জের জনগণ হতাশ হবেন না। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়।

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসমান ফারুক।

তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।

ওসমান ফারুক পেশায় কৃষি অর্থনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন।

২০০১ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ওসমান ফারুক বিজয়ী হন। একই বছরের ১০ অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন।

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রায় আট বছর পর দেশে ফেরেন ওসমান ফারুক। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে পুনরায় বিএনপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে আছেন।

ওমর ফারুকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন এবং তার সংসদীয় কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে পাওয়া—পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। এ পরিস্থিতিতে তার স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।

এম ওসমান ফারুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250