ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে তার চিকিৎসকেরা জানিয়েছেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। গতকাল রোববার (৭ই ডিসেম্বর) বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট আগের চেয়ে ভালো এসেছে।
এ তথ্য নিশ্চিত করে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত বোর্ডের এক চিকিৎসক বলেন, ‘সিটিস্ক্যান, ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট ভালো এসেছে। আগের চেয়ে তিনি কিছুটা ভালো আছেন। তাই আমরা চেষ্টা করছি দেশেই চিকিৎসা দিতে। আমাদের বিশ্বাস তিনি দেশের চিকিৎসাতেই সেরে উঠবেন। দেশি-বিদেশি চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন।’
খালেদা জিয়া গত ২৩শে নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন সাবেক এ প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে দলের পক্ষ থেকে।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। প্রতিদিনই বোর্ডের সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ বোর্ডে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও রয়েছেন।
খালেদা জিয়ার শয্যাপাশে থেকে ডা. জুবাইদা রহমান চিকিৎসার বিষয়গুলো সমন্বয় করছেন বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বোর্ডের পরামর্শক্রমে জুবাইদা রহমানের সঙ্গে আলোচনা করেই খালেদা জিয়ার পরীক্ষাসহ পুরো চিকিৎসা চলছে।’
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স আামীকাল মঙ্গলবার ঢাকায় আসার সূচি চেয়েছে। ফ্লাইটটিকে ‘ভিভিআইপি’ উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন