ছবি: সংগৃহীত
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার বিকেল ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার রাতে ঢাকায় নিজ বাসায় শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে অসুস্থ অবস্থায় আজ তিনি মৃত্যুবরণ করেন।
সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মৌলভী আব্দুল হামিদ ও আয়েশা খাতুন দম্পত্তির ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
সাংবাদিক শফিকুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৬৫ সালে কামিল পাস করেন। তারপর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রী লাভ করেন ১৯৭১ সালে।
সাংবাদিক শফিকুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে তিনি যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তিনি ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। তিনি পরপর দুইবার (২০১৫-২০১৮) জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন।
খবরটি শেয়ার করুন