সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর *** সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারেও রাজি পুলিশ: আইজিপি *** পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির *** অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানবে বুধবার, ২ নম্বর সতর্ক সংকেত *** জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন সংঘাত’ *** ঋতুস্রাবের সময় যেভাবে স্ত্রী রাশমিকার যত্ন নেন বিজয় *** গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানবে কোথায় *** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রের ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

পিরোজপুরে সরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা। বিরোধী দলে থেকেও একজন মৃত ব্যক্তিকে তার নিজের বসতভিটায় দাফনে বাধা দেওয়ার ঘটনা উল্লেখ করে তাসনিম জারা প্রশ্ন করেছেন, রাষ্ট্রের সব ক্ষমতা তাদের হাতে গেলে তারা কী করবেন?

মানিক পশারীর মৃত্যুর পর দাফন নিয়ে সৃষ্ট পরিস্থিতির বর্ণনা দিয়ে সোমবার নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন তাসনিম জারা।

পোস্টে তাসনিম জারা লিখেছেন, শনিবার সকাল ১০টার দিকে ৮৭ বছর বয়সী মানিক পশারী মারা যান। এরপর তার পরিবারকে সারা দিন মরদেহ নিয়ে উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করতে হয়। স্থানীয় জামায়াতের নেতা কর্মীরা মিছিল করে এবং মাইক ও ফেসবুকে ঘোষণা দিয়ে তাকে পিরোজপুরে দাফন করতে দেওয়া হবে না বলে জানান।

তাসনিম জারা লেখেন, মানিক পশারীর পরিবারের পক্ষ থেকে প্রথমে বাড়িতে একটি কবর খোঁড়া হয়েছিল। পরে কিছু মানুষ এসে সেটি ভরাট করে দেন বলে তার মেয়ে সীমু আক্তার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। এরপর ফুফুদের নিয়ে নতুন করে কবর খোঁড়েন সীমু। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় কবর খুঁড়তে অন্য কাউকে পাওয়া যায়নি। ফলে মৃত ব্যক্তির মেয়ে ও বোনদেরই কবর খুঁড়তে হয়।

পোস্টে এনসিপি থেকে পদত্যাগ করা এই নেত্রী আরও লেখেন, শেষ পর্যন্ত মাঝরাতের পর পুলিশ পাহারায় ওই কবরে মানিক পশারীকে দাফন করা হয়। প্রশাসনের লোকজন ছাড়া পরিবারের বাইরের আর কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

মানিক পশারী সরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা উল্লেখ করে তাসনিম জারা লেখেন, পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে দাবি করেছিলেন। তাকে গার্ড অব অনার দিতে দেওয়া হবে না এবং পিরোজপুরের মাটিতে দাফন করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি। অথচ দাফনের পর ওই একই নেতা বলেছেন, জামায়াতের নেতারা লাশের রাজনীতি করেন না।

তাসনিম জারা বলেন, মানিক পশারী মুক্তিযোদ্ধা ছিলেন কি না, সেই প্রশ্ন তোলা যেতে পারে। তবে তা যাচাই করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আদালত রয়েছে। তার ভাষায়, জামায়াতের নেতা কর্মীরা সেই প্রশ্নের মীমাংসা করতে চেয়েছেন দাফন ঠেকিয়ে এবং মাইক হাতে নিয়ে।

মৃত ব্যক্তির জানাজার আগে পরিবারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার প্রচলিত রীতির কথা উল্লেখ করে তাসনিম জারা লেখেন, মৃত্যুর পর মানুষের সব হিসাব-নিকাশ শেষ হয়ে যায়। যা বাকি থাকে, তার বিচার আল্লাহর হাতে। কিন্তু মানিক পশারীর ক্ষেত্রে তার নিজের গ্রামে জানাজা পর্যন্ত হয়নি। গ্রামের মানুষের কাছে ক্ষমা চাওয়ার সুযোগও পায়নি তার পরিবার।

পোস্টে জামায়াতের নেতা কর্মীদের আচরণের সমালোচনা করে তিনি বলেন, তাদের বক্তব্য এমন ছিল, যেন দেশের মাটির মালিকানা তাদের নামে লেখা এবং একজন মানুষ নিজের পারিবারিক কবরস্থানে শায়িত হতে পারবেন কি না, সেই অনুমতিও তাদের কাছ থেকে নিতে হবে।

তাসনিম জারা আরও লেখেন, একসময় জামায়াত-শিবিরের নেতা কর্মীদের উদ্দেশে ‘রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—এ ধরনের কথা বলা হতো। এমন বক্তব্য অন্যায়, তা তাদের জানার কথা। কিন্তু ক্ষমতা কিছুটা হাতে আসতেই তারা সেই অন্যায় ভুলে গেছেন বলে মন্তব্য করেন তিনি।

১৯৭১ সালে জামায়াত দল হিসেবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল উল্লেখ করে তাসনিম জারা বলেন, সেই দলের নেতা কর্মীরা এখন ঠিক করে দিতে চাইছেন কে মুক্তিযোদ্ধা, কে ভুয়া মুক্তিযোদ্ধা, কে রাষ্ট্রীয় সম্মান পাবেন এবং কার কবর কোথায় হবে।

জামায়াতের ন্যায়বিচার, মানবাধিকার, যথাযথ আইনি প্রক্রিয়া ও মানবিক মর্যাদার বক্তব্যের সঙ্গে তাদের এই আচরণের অসংগতি তুলে ধরে তাসনিম জারা প্রশ্ন করেন, ‘বিরোধী দলে থাকতেই যদি একজন মৃত ব্যক্তিকে তার নিজের বসতভিটায় দাফনে বাধা দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের সব ক্ষমতা তাদের হাতে গেলে তারা কী করবেন?’

তাসনিম জারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250