ছবি-ফাইল
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই চলচ্চিত্র ক্যারিয়ারের ২৫ বছর পার করেছেন তিনি। তবে দীর্ঘসময় ধরে অনুপস্থিত ক্যামেরায়। পলিটিক্সের শিকার হয়ে চলচ্চিত্র থেকে বাদ পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
পূর্ণিমা বলেন, ‘এখন তো চলচ্চিত্র অনেক কমে এসেছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেকেই পলিটিক্সের কারণে ছবির কাজ পাচ্ছেন না। আমিও সেই একই পলিটিক্সের শিকার!’
এই নায়িকা বলেন, ‘অনেক ছবি থেকেই কোনো কারণ ছাড়াই বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এসব হয়েছে। এখন এফডিসিও ছোট হয়ে আসছে।’
আরো পড়ুন: শ্রাবন্তীর জীবনে এলো নতুন সঙ্গী!
বড় পর্দায় এখন নিয়মিত নন পূর্ণিমা। কিন্তু কেন? এমন প্রশ্নে নায়িকার ভাষ্য, ‘বর্তমানে বড় পর্দায় যে ছবিগুলো হচ্ছে, সে অনুযায়ী আমি যেমন চরিত্রে অভিনয় করতে চাচ্ছি সেরকম অফার আসছে না। সে জন্যই কাজের পরিমাণ কমে গেছে।’
এ সময় ওটিটি প্লাটফর্মে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, কিছু গল্প আছে, যেখানে হয়তো কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারবো না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।
এসি/ আই. কে. জে/