শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজদানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা। আজ বৃহস্পতিবার (১৯শে জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। খবর বাসসের।

আজ ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পূর্ব ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বিহার, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

গতকাল বুধবার (১৮ই জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের মাইজদীকোর্টে ১৫১ মিলিমিটার।

ঢাকায় আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ এবং বাতাসের গতি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১০ থেকে ১৫ কিলোমিটার।

আরএইচ/

তাপমাত্রা বজ্রসহ বৃষ্টির আভাস মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250