ছবি: সংগৃহীত
দেশের বাইরে নির্মিত হলিউড সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার (৪ঠা মে) এ ঘোষণার পর দেশে ও বিদেশে সংশ্লিষ্টরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
ট্রাম্প দাবি করেন, অন্য রাষ্ট্রগুলোর প্রণোদনার কারণে মার্কিন চলচ্চিত্র শিল্প ‘দ্রুত মৃত্যু’র দিকে ধাবিত হচ্ছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ‘এটি (চলচ্চিত্র নির্মাণ) অন্যান্য দেশের সম্মিলিত প্রচেষ্টা, তাই তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। চলচ্চিত্র অন্য সবকিছুর পাশাপাশি একটি বার্তা ও প্রচারযন্ত্র।’
ট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট আমেরিকার সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং আমেরিকায় আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
ফিল্মএলএয়ের তথ্য অনুযায়ী, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এক্স-এ এক পোস্টে বলেন, ‘আমরা এটি নিয়ে কাজ করছি।’ তবে লুটনিক বা ট্রাম্প কেউই কীভাবে এ শুল্ক কার্যকর করা হবে, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি
গত জানুয়ারি মাসে ট্রাম্প হলিউডকে ‘আগের চেয়ে বড়, ভালো ও শক্তিশালী’ করে ফিরিয়ে আনার জন্য হলিউডের তিন অভিজ্ঞ অভিনেতা জন ভয়েট, সিলভেস্টার স্ট্যালন ও মেল গিবসনকে দায়িত্ব দিয়েছেন।
গত জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের পর নির্মাতারা অন্যত্র স্থানান্তরিত হতে পারেন বলে আশঙ্কা বাড়ছে। ক্যামেরাম্যান, কস্টিউম ডিজাইনার, সাউন্ড টেকনিশিয়ান ও পর্দার পেছনের অন্য কর্মীরা শহর ছেড়ে যাওয়ার কথা ভাবছেন।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন