সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিনের উত্তরসূরির খোঁজে বিএনপি *** ‘শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলেও ভারতের সঙ্গে বিস্তৃত সম্পর্ক গড়ার ক্ষেত্রে বাধা হবে না’ *** এবার পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি বুলবুল *** সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান *** নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি: গণপূর্ত উপদেষ্টা *** ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে টাকার নোটের ভিডিও প্রচারে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক *** ‘নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন ৯৯ শতাংশ প্রার্থী’ *** আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি *** প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ *** পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

‘নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন ৯৯ শতাংশ প্রার্থী’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৯৯ শতাংশই নির্বাচনী আচরণবিধির কোনো না কোনোটি লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির পর্যবেক্ষণে ৫৮ ধরনের আচরণবিধি চিহ্নিত করা হয়েছে, যার প্রায় সব ক্ষেত্রেই লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১৬ই ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব তথ্য তুলে ধরেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, গবেষণার অন্তর্ভুক্ত আসনগুলোতে ৯৯ শতাংশ প্রার্থী কোনো না কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন। ছোটখাটো শোডাউন, যানবাহনসহ মিছিল, মশাল মিছিল, প্রতিপক্ষের পোস্টার-ব্যানার ছেঁড়া, অতিরিক্ত সমর্থক নিয়ে মনোনয়ন দাখিল—এ ধরনের বিভিন্ন অনিয়ম ঘটেছে। অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই প্রচারণায় ব্যাপক লঙ্ঘন হয়েছে এবং বিভিন্ন সীমাবদ্ধতার কারণে নির্বাচন কমিশনের পক্ষে সব অনিয়ম পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

টিআইবির পর্যবেক্ষণে দেখা গেছে, নির্বাচনের শুরুতে সুস্থ প্রতিযোগিতার কিছু উপাদান থাকলেও ভোট ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তা অনেক ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতায় রূপ নেয়। ‘বিজয়ী হতেই হবে’ মানসিকতা নির্বাচনী আচরণে প্রতিফলিত হয়েছে। কোথাও কোথাও সহিংসতার ঘটনাও ঘটেছে। বিশেষ করে বিরোধী অবস্থান ও নির্বাচনবিরোধী তৎপরতার প্রভাব বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টি করেছে। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়া ব্যক্তিদের কারণে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা ও অসহিষ্ণুতার ঘটনাও দেখা গেছে।

সংস্থাটি বলছে, এবারের নির্বাচনে অর্থ, পেশিশক্তি, ধর্ম এবং পুরুষতান্ত্রিকতার প্রভাব স্পষ্ট ছিল। কিছু ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতান্ত্রিক মনোভাবও সুস্থ প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করেছে। নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আদিবাসী এবং প্রতিবন্ধী ভোটারদের মধ্যে শঙ্কা ও অস্থিরতা কাজ করেছে, যার প্রভাব ভোটার উপস্থিতিতেও পড়েছে। ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬০ শতাংশ। বৈশ্বিক মানদণ্ডে তা উল্লেখযোগ্য হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যাশার তুলনায় কম। প্রায় ৪০ শতাংশ ভোটার ভোট দেওয়া থেকে বিরত ছিলেন, যার পেছনে আস্থার ঘাটতি অন্যতম কারণ বলে মনে করে টিআইবি।

জে.এস/

নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250