ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূরপাল্লা ও মহানগর—দুই ধরনের বাসের ক্ষেত্রেই একই হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।
মন্ত্রণালয়ের বৈঠকে সেই সুপারিশ পর্যালোচনা করে যাত্রীদের ওপর চাপ কমাতে উভয় ক্ষেত্রেই ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তবে প্রজ্ঞাপন জারির পরই নতুন ভাড়ার হার আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
আজকের বৈঠকে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সভাপতিত্বে বিআরটিএর চেয়ারম্যান, পরিবহন মালিক সমিতির নেতারা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের পরিচালন ব্যয় ও নতুন ভাড়া নিয়ে আলোচনা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে বর্তমানে কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা ভাড়া রয়েছে। ১৭ পয়সা বাড়লে তা দাঁড়াবে ২ টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় কিলোমিটারপ্রতি বর্তমান ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হতে পারে। তবে কোন কোন শ্রেণির বাসে নতুন ভাড়া কীভাবে কার্যকর হবে, তা প্রজ্ঞাপনে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গতকাল সোমবার রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক হয়। সেখানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং মহানগর ও শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।
গত রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা হয়েছে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।
চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়। এতে দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়। এবারের সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি হলে পাঁচ মাসের ব্যবধানে আবারও বাসভাড়া বাড়বে। তবে নতুন ভাড়া কার্যকর হওয়ার তারিখ প্রজ্ঞাপনেই নির্ধারণ করা হবে।
খবরটি শেয়ার করুন