রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

‘তারেক রহমান দেশে এসেছেন বলে বিরাট কিছু হয়ে যাবে না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন বলে বিরাট কিছু হয়ে যাবে বলে মনে করেন না বিশিষ্ট সাংবাদিক, পাঠকনন্দিত কলামিস্ট ও টকশো তারকা মাহবুব কামাল। তার মতে, তারেক রহমান দেশে ফেরায় 'রাজনীতিতে একটা ভারসাম্য আসবে এবং উগ্রপন্থীদের দমনে তা সহায়ক হতে পারে'।

আজ বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে মাহবুব কামাল এসব কথা বলেন। তার ফেসবুক অ্যাকাউন্টটি কর্তৃপক্ষের ভেরিফায়েড করা নয়। তবে সুখবর ডটকম নিশ্চিত হয়েছে, এই অ্যাকাউন্ট তিনিই পরিচালনা করেন।

মাহবুব কামাল বলেন, তারেক রহমান এসেছেন। এই মুহূর্তে খুবই প্রয়োজন ছিল তার। উগ্রপন্থীরা ভাঙচুর ও অগ্নিসংযোগের এক ভয়ানক খেলায় মাতছিল। দুটি মিডিয়া ও দুটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আক্রমণের প্রতিক্রিয়ায় উগ্রপন্থীরা কিছুটা ব্যাকফুটে গেছে। তারেক রহমান এসেছেন বলে বিরাট কিছু হয়ে যাবে মনে করি না, তবে রাজনীতিতে একটা ভারসাম্য আসবে এবং উগ্রপন্থীদের দমনে তা সহায়ক হতে পারে।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি অভ্যুত্থানের পর থেকেই বলে আসছিলাম, একজন বীর উত্তম মুক্তিযোদ্ধা দ্বারা প্রতিষ্ঠিত দলের কাছে আমরা মুক্তিযুদ্ধ আশা করি। উপরন্তু বিএনপি যেহেতু ধর্মান্ধতার বিপরীতে মডারেট ইসলাম ধারণ করে, তাই এই দলটিতেই আমরা বর্তমান প্রেক্ষাপটে আশ্রয় নিতে চাই। বিএনপি নেতৃত্ব আমাদের এই প্রত্যাশার প্রতি সেভাবে মনোযোগ দেয়নি। এখন থেকে দেখা যাক।

তিনি জানান, আজ চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় আমার সঙ্গে থাকবে আমাদের এই প্রিয় ঢাকা শহরে আমি যার সঙ্গে শৈশব থেকে বেড়ে উঠেছি, বিএনপির নেতা আবদুস সালাম। তারা এতদিন মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের প্রত্যাশা অনুযায়ী কড়া অবস্থান কেন নেয়নি, বাংলা ধোলাই করা হবে।

মাহবুব কামাল পোস্টে উল্লেখ করেন, আমি বলেছিলাম, তারেক রহমান ইজ নট কামিং। স্বয়ং তারেক রহমান যেদিন বলেছিলেন, তিনি কিছু অপ্রকাশযোগ্য কারণে আসতে পারছেন না, সেদিনই আমি দায়মুক্ত হয়েছিলাম। তারপরও আগামীকাল তারেক রহমানের ফেরা নিয়ে একটা বড় পোস্ট দেব। আজ মানুষের স্রোত ঠেলে হেঁটে অফিসে আসতে হয়েছে বলে অনেক সময় নষ্ট হয়েছে। পোস্টটা তাই আজ দিতে পারলাম না।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার (২৪শে ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। তাকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে ১১ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সে দেশেই ছিলেন। বিএনপির কর্মী-সমর্থকেরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরায় বিএনপির রাজনীতিতে আসবে নতুন মাত্রা।

মাহবুব কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250