ছবি: সংগৃহীত
ভারতের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার উপস্থাপিকা স্বর্ণালী সরকার বাংলাদেশের অভিনয় শিল্পীদের ‘ঘাড়ধাক্কা দিয়ে’ ভারত থেকে বের করে দেওয়ার দাবি জানিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন। সাম্প্রতিক এক টকশোতে দেওয়া তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
কলকাতাভিত্তিক জনপ্রিয় টকশো ‘সোজাসুজি স্বর্ণালী’-তে আলোচনার সময় উত্তেজিত কণ্ঠে এ উপস্থাপিকা বলেন, ‘বাংলাদেশি অভিনেতারা ভারতে এসে নাম, যশ, টাকা কামাচ্ছেন, কিন্তু ভারতের পক্ষে মুখ খুলছেন না। এমনকি সন্ত্রাসী হামলার মতো ঘটনাতেও তাদের নিরবতা প্রশ্নবিদ্ধ।’
তিনি সরাসরি বাংলাদেশের তারকা শিল্পী জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস ও শাকিব খানের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেন। এমনকি অভিনেত্রী মিথিলার স্বামী, ওপার বাংলার খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জিকে নিয়েও কথা বলেন।
তিনি আর বলেন, ‘প্রতিবেশী দেশ (বাংলাদেশ) থেকে যারা আমাদের দেশে আসছেন, বাংলাদেশি নাগরিক যারা আমাদের দেশে রয়েছেন, থাকছেন, খাচ্ছেন। আমাদের এখানে এসে অভিনয় করছেন। নাম, যশ প্রতিপত্তি বানাচ্ছেন। আমাদের ট্যাক্সের টাকায় যাদের অর্থ-উপার্জন হয়। অথচ তাদের নিজ দেশের অসঙ্গতির ব্যাপারে তারা নীরব ভূমিকা পালন করছেন।’
স্বর্ণালীর এমন মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকে একে ‘সাংস্কৃতিক বিদ্বেষ’ ও ‘ঘৃণামূলক সাংবাদিকতা’ হিসেবে অভিহিত করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, সাংবাদিকতার নামে এ ধরনের বক্তব্য শুধু বাংলাদেশি শিল্পীদের অপমানই নয়, বরং দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সাংস্কৃতিক বন্ধনকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।
প্রসঙ্গত, এর আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত সরকার পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এবার বাংলাদেশি শিল্পীদের নিয়েও ভারতীয় গণমাধ্যমে বিতর্ক শুরু হওয়ায় উদ্বেগ বাড়ছে সাংস্কৃতিক মহলে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন