ফাইল ছবি
টেলিভিশনে ভোজ্যতেল উদ্ধারের নাটক প্রচার করা হয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এ নাটক প্রচারের পর সারাদেশে মানুষ বাহ্বা দেয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। দেখানো হয় যে মুদিদোকানদারই সব কারসাজি করেছেন। আর কারও দায় নেই।
মঙ্গলবার (১১ই নভেম্বর) ঢাকায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।
বৈঠকে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং ভোজ্যতেলের ডিও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাজারে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সব পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সে পদক্ষেপ কার পক্ষে আর কার বিপক্ষে যাবে, সেটা দেখা হবে না। প্রচলিত রীতিতে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে খুচরা বা মাঝারি বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয় এবং এসব অভিযান খুব একটা সফল হয় না বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘যেকোনো পণ্যের সরবরাহশৃঙ্খলে উৎপাদন বা আমদানি স্তর থেকে শুরু করে ডিও ব্যবসায়ী, পাইকারি, খুচরা বিক্রেতাসহ সবাইকে আমাদের কার্যক্রমের আওতায় আনতে হবে। তেলের বাজার অস্থির করার পেছনে মিলমালিকেরা অথবা ডিও ব্যবসায়ীরা অথবা উভয় পক্ষই জড়িত থাকতে পারে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য উপদেষ্টা বলেছেন, ‘আমরা প্রকৃত দোষীদের শনাক্ত করতে চাই। ব্যবসা-বাণিজ্য সংকীর্ণ করা নয়, বরং ভোক্তার স্বার্থে কাজ করা এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ করা এ মন্ত্রণালয়ের মূল কাজ। সেটা বাস্তবায়নে আমাদের প্রচেষ্টার ঘাটতি নেই। ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না। ছোট্ট একজন দোকানদার ৫০০ বোতল তেল খাটের নিচে লুকিয়ে রেখে বাজার অস্থির করবেন, এটা আমার মনে হয় ঠিক না। ’
জে.এস/
খবরটি শেয়ার করুন