ফাইল ছবি
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হয়েছে পুলিশ। গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে তার বাসায় যান গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই)। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে বঙ্গভবনে আয়োজিত একটি মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন তিনি। ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে ওই সভায় তার অংশ নেওয়ার কথা ছিল।
পুলিশ কর্মকর্তা মাহমুদুর রহমানকে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই পরোয়ানা কার্যকর করতেই তিনি বাসায় এসেছেন।
তবে মামলাটির কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় স্থগিত থাকা মামলার পুরোনো গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশের বাসায় যাওয়ার ঘটনায় মামলাটির বর্তমান আইনি অবস্থা এবং পরোয়ানা কার্যকরের বিষয়টি সামনে এসেছে।
মামলাটি ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় দায়ের করা হয়। বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মাহমুদুর রহমান ছাড়াও এ মামলায় আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে। মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।
মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়। পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি জারি হয়েছিল ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের একটি আদেশেও উচ্চ আদালতের স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২৭ জানুয়ারি।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর সুখবর ডটকমকে বলেন, মাহমুদুর রহমানের বাসায় কেন পুলিশ গিয়েছিল, তা খোঁজ নিয়ে জানতে হবে।
মাহমুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া মামলাগুলোর দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০১০ সাল থেকে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মামলা করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব মামলায় রাষ্ট্রদ্রোহ, মানহানি, হত্যা প্রচেষ্টা, আদালত অবমাননা ও তথ্যপ্রযুক্তি আইনে অপরাধের মতো অভিযোগ আনা হয়েছিল। কয়েকটি মামলায় তাকে আদালতের রায় অনুযায়ী সাজাও ভোগ করতে হয়েছে।
২০১০ সালের জুনে প্রথম দফায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার সম্পাদিত আমার দেশ পত্রিকার প্রকাশনাও বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। পত্রিকাটির কার্যালয়ে অভিযান চালিয়ে ছাপাখানা বন্ধ করা হয়। পরে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা হয়। ২০১০ সালের ১৯ আগস্ট আপিল বিভাগ তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। একই প্রতিবেদনে আমার দেশের আরেক সাংবাদিক ও প্রকাশককেও সাজা দেওয়ার তথ্য রয়েছে। প্রায় সাড়ে নয় মাস কারাভোগের পর ২০১১ সালের ১৭ মার্চ তিনি জামিনে মুক্তি পান।
এরপর ২০১৩ সালের ১১ এপ্রিল দ্বিতীয় দফায় গ্রেপ্তার করা হয় মাহমুদুর রহমানকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন পত্রিকাটির ছাপাখানা বন্ধ করে দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় তাকে কারাগারে থাকতে হয়। কারাবন্দী অবস্থায় তাকে রিমান্ডেও নেওয়া হয়েছিল। তার নিজের বক্তব্য অনুযায়ী, ২০১০ সালে গ্রেপ্তারের পর ৩৯ দিন রিমান্ডে থাকতে হয়েছিল তাকে।
আওয়ামী লীগ সরকারের আমলে মাহমুদুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে করা একটি মামলায় দুজনকেই সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে দায়ের হওয়া অন্য মামলাগুলোও দীর্ঘদিন ধরে চলেছে। ২০১৬ সালের নভেম্বর মাসে সাড়ে তিন বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। ২০১৭ সালে দেশ ছাড়েন। প্রথমে মালয়েশিয়া এবং পরে তুরস্কে অবস্থান করেন। এ সময় তার সম্পাদিত আমার দেশ-এর প্রকাশনাও বন্ধ ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। এর প্রায় দেড় মাস পর ২৭ সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান। সাড়ে পাঁচ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান। বিমানবন্দরে উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বক্তব্যও দেন।
দেশে ফেরার পর পুরোনো একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে কারাগারেও যেতে হয়েছিল তাকে। পরবর্তী সময়ে ওই মামলাসহ তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া কয়েকটি মামলায় আদালত থেকে অব্যাহতি পাওয়ার খবর প্রকাশিত হয়। তবে তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার নিষ্পত্তি হয়নি।
দেশে ফেরার পর আমার দেশ পুনরায় প্রকাশের উদ্যোগ নেন মাহমুদুর রহমান। ২০২৪ সালের ১৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, ডিসেম্বরের মধ্যে পত্রিকাটি আবার পাঠকের হাতে তুলে দিতে চান। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে পত্রিকাটির ছাপাখানার যন্ত্রপাতি নষ্ট ও লুট করা হয়েছে। তার হিসাবে, ছাপাখানার যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদের ক্ষতির পরিমাণ ছিল কয়েক কোটি টাকা। নতুন করে ছাপাখানা স্থাপন করতে সময় লাগবে জানিয়ে আপাতত অন্য ছাপাখানা থেকে পত্রিকা প্রকাশের পরিকল্পনার কথাও জানান তিনি।
অবশেষে ২০২৪ সালের ২২ ডিসেম্বর দীর্ঘ ১১ বছরের বেশি সময় পর দৈনিক আমার দেশ-এর মুদ্রিত সংস্করণ আবার প্রকাশিত হয়। এর আগে ২০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে পত্রিকাটির পুনঃপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন মাহমুদুর রহমান। পত্রিকাটির প্রথম প্রকাশনা শুরু হয়েছিল ২০০৪ সালে। ২০১৩ সালের ১১ এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।
রাজনৈতিক পটপরিবর্তনের পর মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর কয়েকটির নিষ্পত্তি হলেও নড়াইলের এই মামলাটি এখনো বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। অন্যদিকে, সাবেক অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনমন্ত্রী সংসদে জানিয়েছেন, এ দুই সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। তবে মাহমুদুর রহমান ও আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া মামলাগুলোর সব কটির নিষ্পত্তি হয়নি।
এ অবস্থায় হাইকোর্টের স্থগিতাদেশ থাকা একটি মামলার পুরোনো গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ তার বাসায় যাওয়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ২০১৯ সালে জারি হওয়া পরোয়ানাটি কার্যকরের উদ্যোগ নেওয়ার আগে মামলাটির কার্যক্রম স্থগিত থাকার বিষয়টি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জানা ছিল কি না, তা স্পষ্ট নয়। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্যেও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।
খবরটি শেয়ার করুন