ছবি: সংগৃহীত
প্রায় এক দশক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সূত্রেই সামিহা রহমান শামার সঙ্গে পরিচয় হয় অভিনেতা পার্থ শেখের। সময়ের ব্যবধানে মাঝখানে যোগাযোগ বন্ধ থাকলেও পরে আবার সম্পর্কের সূত্রপাত হয় নতুন করে। সেখান থেকেই বন্ধুত্ব, আর বন্ধুত্ব গড়ায় প্রেমে।
তবে প্রেমের শুরুটা সহজ ছিল না। পার্থের প্রেমের প্রস্তাবে প্রথমে রাজি হননি শামা। তিনবার প্রস্তাব দেওয়ার পর অবশেষে ২০২২ সালের ৩০শে জানুয়ারি অভিনেতার প্রস্তাবে সম্মতি দেন তিনি। এরপর প্রায় দুই বছর চুটিয়ে প্রেম করেন এই যুগল।
দুই পরিবারের সঙ্গে সম্পর্কের কথা শেয়ার করে নেওয়ার পর, সবার সম্মতিতে গত বছরের ফেব্রুয়ারিতে অনেকটাই গোপনে পার্থ ও শামার বাগদান সম্পন্ন হয়।সেই বাগদানের প্রায় ১১ মাস পর গত বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন তারা।রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে ঘরোয়া আয়োজনে এই শুভকাজ সম্পন্ন হয়। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পার্থ শেখ বলেন, “শামার সঙ্গে আমার পরিচয় প্রায় দশ বছর আগে, ২০১৬ সাল থেকে। তখন ফেসবুকে টুকটাক কথা হতো। পরে অনেকদিন যোগাযোগ ছিল না। আবার যখন কথা শুরু হয়, তখন আমি আমার ভালো লাগার কথা জানাই। প্রেমের প্রস্তাব দিই, কিন্তু সে প্রথমে রাজি হয়নি। আমি হাল ছাড়িনি। তিনবার প্রপোজ করার পর সে রাজি হয়।”
তিনি আরো বলেন, “এরপর খুব সুন্দরভাবে আমাদের সম্পর্ক এগিয়েছে। দুই পরিবারকে জানানোর পর তাদের উপস্থিতিতেই গত বছরের ফেব্রুয়ারিতে আমাদের বাগদান হয়। এরপর ছোট্ট আয়োজনে গতকাল আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চাই।”
পার্থ জানান, আপাতত ঘরোয়া আয়োজনে কাছের মানুষদের নিয়েই অনুষ্ঠান করা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে বড় পরিসরে একটি আয়োজন করার পরিকল্পনাও রয়েছে তাদের।
উল্লেখ্য, নির্মাণ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও গত দুই বছরে মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন পার্থ শেখ। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি ওয়েব সিরিজেও কাজ করেছেন। অন্যদিকে সামিহা রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা হিসেবে নিযুক্ত রয়েছেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন