ছবি: সংগৃহীত
ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২২ সালে ‘হাওয়া’ দিয়ে বড় পর্দায় ফিরেছিলেন নাজিফা তুষি। এ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হলেও আবার অন্তরালে চলে যান। সিনেমা কিংবা ওটিটি কোথাও দেখা মেলেনি তার। অবশেষে এ বছর একাধিক সিনেমা নিয়ে দর্শকের সামনে ফিরছেন তুষি।
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের। এরপর মুক্তি দেওয়া হবে দেশের হলে। আন্ধার ও সখী রঙ্গমালাও এ বছর মুক্তির কথা জানিয়েছেন নির্মাতারা।
দীর্ঘদিন পর পর্দায় ফেরার প্রসঙ্গে তুষি বলেন, ‘হাওয়ার পর বেশ কয়েকটি কাজ করেছি। আশা করছি, এ বছর আমার কাজগুলো দর্শকের সামনে আসবে। এর মধ্যে তিনটি সিনেমার ঘোষণা এসেছে। তিনটি তিন রকম সিনেমা। তিনজন ভিন্ন নির্মাতা, ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র।’
রইদে নাজিফা তুষির চরিত্রের কোনো নাম নেই। তার পরিচয় ‘সাদুর বউ’। সাদু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। তুষি জানান, এ চরিত্রে অভিনয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে তাকে। কোনো মেকআপ ব্যবহার করেননি, এমনকি ছয় মাস সাবান-শ্যাম্পু ব্যবহার থেকেও বিরত ছিলেন। চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠনেও পরিবর্তন এনেছেন তুষি।
এন রাশেদ চৌধুরীর সখী রঙ্গমালা সিনেমায় তুষি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে। কথাসাহিত্যিক শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি উঠে এসেছে সখী রঙ্গমালায়। এতেও তুষির সহশিল্পী মোস্তাফিজ নূর ইমরান। আরও অভিনয় করছেন প্রান্তর দস্তিদার, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ। শুটিং শেষে এখন সিনেমাটির সম্পাদনার কাজ চলছে।
আর আন্ধার নির্মিত হচ্ছে ভৌতিক গল্পে; যেখানে তুষিকে দেখা যাবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন