রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে *** গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন *** আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম *** নড়াইলে আওয়ামী লীগ নেতা–কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন *** গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।

নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এতে পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব পদ সৃজন করা হয়েছে। এ সংক্রান্ত ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতের বরাদ্দ অর্থ থেকে নির্বাহ করা হবে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি এবং বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নতুন অনুমোদিত ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০-এর অন্তর্ভুক্ত। এ পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুযায়ী এসব পদ পূরণ করা হবে।

অন্যদিকে ১০ হাজার কনস্টেবল পদ গ্রেড-১৭-তে সৃজন করা হয়েছে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ৪ হাজার এসআই পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর এ বিষয়ে সম্মতি দেয়। একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় সম্মতি নেওয়া হয়েছে।

এদিকে কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। ৩০ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

চলমান নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকে শূন্য থাকা ২ হাজার কনস্টেবল পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ অন্তর্ভুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।

পুলিশ বাহিনীর মাঠপর্যায়ের কার্যক্রমে কনস্টেবল ও এসআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কনস্টেবলরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত থাকেন। অন্যদিকে এসআইগণ অপরাধ তদন্ত, মামলা-সংক্রান্ত কার্যক্রম, আসামি গ্রেফতার এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ১৪ হাজার পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের জনবল সংকট মোকাবিলা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে পুলিশি সেবা দেওয়ার সক্ষমতা বাড়বে। বিশেষ করে মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার!

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250