কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও সহিংসতা প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামী একই অবস্থানে থাকলেও এবার দুই দলকে একসঙ্গে রাজপথে দেখা যাচ্ছে না।
আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য মাঠে থাকার ঘোষণা দিলেও বিএনপি আলাদাভাবে অবস্থান করছে। এই দূরত্বের কারণ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থান পরিবর্তনকে দায়ী করেছে জামায়াত।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তো জুলাইয়ের পক্ষে ছিল, বিএনপি তো জুলাইয়ের বিপক্ষে। এই জন্য ভিন্নতা।’
হামিদুর রহমান আযাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্য সামনে রেখে জুলাই সনদ প্রণয়ন করেছিল। বিএনপিও তখন রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল ও জুলাই সনদের পক্ষে ভোট চেয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর দলটি সেই অবস্থান থেকে সরে গেছে।
তিনি বলেন, ‘তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, আমরা করতে চাই। তারা সংস্কার পরিষদের শপথ নেয়নি, আমরা শপথ নিয়েছি। তো এখানে পার্থক্য আছে না?’
জামায়াতের এই নেতা বলেন, বিএনপি জুলাইয়ের মতো জাতীয় ঐক্যের কথা বললেও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাদের কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেই। সংসদেও বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পেছনে নির্বাচনী উদ্দেশ্য ছিল বলে বক্তব্য দিয়েছে।
বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের পুনরুত্থানে ভূমিকা রাখার অভিযোগও করেন হামিদুর রহমান আযাদ। তার ভাষ্য, ১১ দলীয় ঐক্যের অন্যতম লক্ষ্য ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো। ‘বিএনপি যদি ফ্যাসিবাদের পুনরুত্থান করে, তাহলে তো বিএনপির পক্ষে থাকা যায় না। তাদের কারণেই এরা আশকারা পেয়েছে।’
আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় সরকারকে রক্ষা করার চেয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই জামায়াতের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারকে রক্ষা করা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো জনগণের পক্ষে কাজ করা। জনগণের জানমালের নিরাপত্তার জন্য কাজ করা। এ জন্য আমরা কর্মসূচি দিয়েছি, মাঠে নেমেছি ।’
এদিকে আওয়ামী লীগের তৎপরতা ও সহিংসতা মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে রাজপথে থাকার কথা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
ডেইলি স্টারকে তিনি বলেন, আওয়ামী লীগের তৎপরতা ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। পরে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও দলটির নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়ি এবং সরকারি স্থাপনায় হামলার পর দেশজুড়ে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। ওইসব হামলায় বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে একান্ত বৈঠকও করেন জামায়াত আমির।
জুবায়ের বলেন, ‘সন্ত্রাসীরা, ফ্যাসিবাদের দোসররা যে সন্ত্রাস করছে, জ্বালাও-পোড়াও ও ভাঙচুর করছে, এ ব্যাপারে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে আমাদের অবস্থান স্পষ্ট করব।’
জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও বৃহস্পতিবার ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার ঘোষণা দেন। ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক শেষে তিনি বলেন, ‘আমরা ১১ দল রাজপথে আছি। অব্যাহতভাবে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, যেকোনো সন্ত্রাসী কার্যকলাপ, যেকোনো নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।’
জুলাই গণঅভ্যুত্থানের সময় গড়ে ওঠা ঐক্যকে দেশের রক্ষাকবচ উল্লেখ করে মামুনুল বলেন, সেই ঐক্যে ফাটল তৈরি হলে দেশ দুর্বল হয়ে পড়বে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়াকে ঐক্যে বিভেদের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে বিরোধীদলীয় নেতা প্রাথমিক সাড়া দিয়েছেন বলেও জানান মামুনুল। তবে তার বক্তব্য, ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করা।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে চার দিন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।
গোলাম পরওয়ার বলেন, ‘আমরা জনগণকে নিয়েই ফ্যাসিবাদকে প্রতিহত করব। ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো নয়, মানুষ খুন করা নয়। নিয়মতান্ত্রিক অহিংস আন্দোলনে জনগণই হচ্ছে আমাদের এই প্রতিহত করার বড় শক্তি।’
জামায়াতের কর্মসূচির মধ্যে ২১ নভেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে, ২৫ নভেম্বর ঢাকার বাইরে ১১টি মহানগরীতে, ২৬ নভেম্বর সব জেলা সদরে এবং ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল রয়েছে।
ডিসেম্বরজুড়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন ও বিজয় র্যালির পাশাপাশি রক্তদান, মেডিকেল ক্যাম্প এবং অসচ্ছল ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সহায়তার কর্মসূচিও রয়েছে। জামায়াত নেতাদের ভাষ্য, এসব কর্মসূচিতেও আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও ফ্যাসিবাদবিরোধী বার্তা দিয়ে জনমত গড়ে তোলা হবে।
জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস ২৪ নভেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। অন্যদিকে খেলাফত মজলিসের ঢাকা মহানগরী শাখা বৃহস্পতিবার একই স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। দলটির মহাসচিব আহমদ আব্দুল কাদের অভিযোগ করেন, আওয়ামী লীগের নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে সরকার ব্যর্থ হয়েছে।
খবরটি শেয়ার করুন