ছবি: সংগৃহীত
দেশে গত এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর ডেঙ্গুতে এ নিয়ে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩৬ জন।
সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৬৭ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৭৩ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।
অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ২৬৩ জন, বরিশালে ১৩৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, রাজশাহীতে ৩৬ জন, ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ২১ জন এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩৩ হাজার ৫৮৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩১ হাজার ৩৯৭ জন। আর গত ২৪ ঘণ্টায় ৯৭৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯০ জনের। এর মধ্যে চলতি মাসে ৩৬ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
খবরটি শেয়ার করুন