ছবি: সংগৃহীত
সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্যের শিকার বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। তার অভিব্যক্তি নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন ওঠে— দুঃখ-কষ্টের দৃশ্যেও তিনি নাকি মুখ বাঁকিয়ে হাসেন। এ অভিযোগে একের পর এক তির্যক মন্তব্য ধেয়ে আসে তার দিকে। এমন অভিযোগের ভিত্তিতে সপাটে জবাব দিলেন বলি প্রযোজক-পরিচালক করণ জোহর।
গত শুক্রবার (২৩ শে জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘বর্ডার ২’ সিনেমা। সেই সিনেমায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। যদিও মুক্তির দিনেই সিনেমা, নির্মাতা ও ভক্তরা বড় ধাক্কা খেয়েছেন। জানা গেছে, সিনেমার সকালের কিছু শো প্রযুক্তিগত সমস্যার কারণে বাতিল করতে হয়েছে।
এর আগে এ সিনেমার একটি গান মুক্তি পাওয়ার পর থেকেই কটাক্ষের মুখে পড়েন অভিনেতা বরণ ধাওয়ান। গানটি প্রশংসিত হলেও তার অভিনয় নিয়ে সমালোচনা হয়। মূলত বরুণের অভিব্যক্তি নিয়ে প্রশ্ন ওঠে।
এ বিষয়ে করণ জোহর বলেন, আপনারা একজন শিল্পীকে তার হাসি নিয়ে ব্যঙ্গ করতেই পারেন। কিন্তু সিনেমাটি মুক্তি পাওয়ার পর যখন প্রেক্ষাগৃহ ভরে উঠবে এবং দর্শকদের নিখাদ ভালোবাসা পাবে, তখন তিনি আপনাদের হেসে উড়িয়ে দেবেন। যে যা খুশি করতেই পারেন আজকাল। কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে বলে জানিয়েছেন পরিচালক।
কিছু দিন আগে সামাজিক মাধ্যমে বরুণ ধাওয়ানের একটি পোস্টে এক নেটিজেন মন্তব্য করে বলেছিলেন—ভাই, আপনার অভিনয় নিয়ে লোকজন প্রশ্ন তুলছেন। আপনি এ নিয়ে কী বলবেন? এর উত্তরে অভিনেতা খোঁচা দিয়ে লেখেন—এই প্রশ্ন উঠেছে বলেই গানটা সফল হয়ে গেল। লোকজন উপভোগও করছেন। সবই ঈশ্বরের ইচ্ছা।
বরুণের সমর্থনে কথা বলেছিলেন সিনেমার প্রযোজক নিধি দত্তও। তিনি বলেছিলেন, সব দেশদ্রোহীকে অভিনন্দন। এক অভিনেতা দেশাত্মবোধক সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, আর তাকে এভাবে নিচে নামাচ্ছেন সেই দেশদ্রোহীরা। এটা ভারতের সিনেমা। আশা করছি, দর্শক বুঝতে পারবেন এবং ওই লোকজনের মুখে ঝামা ঘষে দেবেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন