ছবি: আল খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির সৌজন্যে
পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে আজ সোমবার (১৬ই ফেব্রুয়ারি) সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শাবান মাসের চাঁদের ছবি ধারণ করেছে আল খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে এই ছবি তোলা হয়। খবর আরব নিউজের।
তবে সংযুক্ত আরব আমিরাত ফতোয়া কাউন্সিল আগামীকাল মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টায় আবুধাবির কাসর আল হোসনে ‘মুন সাইটিং’ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। শেখ আবদুল্লাহ বিন শেখ আল মাহফুজ বিন বাইয়াহর সভাপতিত্বে এই বৈঠকে মাগরিবের নামাজের পর বিভিন্ন মানমন্দিরের রিপোর্ট এবং জনসাধারণের দেওয়া তথ্য পর্যালোচনা করা হবে।
একই সঙ্গে সৌদি আরবের সুপ্রিম কোর্টও আগামীকাল (২৯শে শাবান ১৪৪৭ হিজরি) সন্ধ্যায় দেশবাসীকে পবিত্র রমজানের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছেন। যদি আগামীকাল সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে আগামী বুধবার (১৮ই ফেব্রুয়ারি) থেকে দেশটিতে রোজা শুরু হবে। অন্যথায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির তথ্য অনুযায়ী, ছবি তোলার সময় সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি। এ ছাড়া চাঁদের বয়স রেকর্ড করা হয়েছে ‘নেগেটিভ ৩৩ ঘণ্টা ৩৭ মিনিট’। মূলত অত্যাধুনিক অ্যাস্ট্রোনমিক্যাল ইমেজিং প্রযুক্তির মাধ্যমে দিনের বেলায়ও চাঁদের এই সূক্ষ্ম অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার চাঁদ দেখা গেলে সৌদিতে বুধবার রোজা শুরু হবে, অন্যথায় বৃহস্পতিবার। সাধারণত সৌদি আরবে রোজা শুরুর এক দিন পর বাংলাদেশে রোজা শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান শুরু হওয়ার প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।
খবরটি শেয়ার করুন