ফাইল ছবি
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ২১৪ কোটি ৯০ লাখ টাকা। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা।
চাল সরবরাহের কাজ পেয়েছে ভারতের নিউট্রিয়াগ্রো ওভারসিজ ওপিসি প্রাইভেট লিমিটেড। প্রতি টন চালের দাম পড়বে ৩৫১ দশমিক ৪৯ মার্কিন ডলার।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৪৯তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৭২ কোটি ৩৫ লাখ টাকা দিয়ে ১০ হাজার টন মসুর ডাল কেনা হচ্ছে। প্রতি কেজি মসুর ডালের দাম পড়ছে ৭২ টাকা ৩৫ পয়সা। খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড এ ডাল সরবরাহ করবে।
এ ছাড়া যুক্তরাজ্য থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪৩৬ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৮৫২ টাকা। কাজ পেয়েছে এম এস টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড।
খবরটি শেয়ার করুন