ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি উন্নয়ন এবং দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে তারা কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বুধবার (২০ মে) সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ ও ব্যুৎথান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আনসার বাহিনী তাদের দায়িত্ব পালনের পাশাপাশি দেশে ও বিদেশে কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নানা ধরনের প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্য বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রীতি জোরদারে সক্রিয় ভূমিকা পালন করছেন। একইভাবে নগর এলাকায় টিডিভি সদস্যরা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। ফলে বাহিনীটি শুধু নিরাপত্তা রক্ষায় নয়, সমাজের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবেও ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ‘সঞ্জীবন’ প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করে কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন ওয়েবসাইট ও আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদেশের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতেও ভূমিকা রাখছে বাহিনীটি। বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘ অভিজ্ঞতা, ভিশন ও নির্দিষ্ট কর্মপরিকল্পনা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রাম, শহর, বন্দর এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতেও তারা দায়িত্ব পালন করছেন। দেশে অস্থিতিশীলতা ও অরাজকতা দেখা দিলে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতেও আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুর্যোগকালেও তারা মানুষের সেবায় নিয়োজিত ছিল। এসব কর্মকাণ্ডের কারণে বাহিনীটি একটি স্বতন্ত্র ও শৃঙ্খলাবাহিনী হিসেবে মর্যাদা অর্জন করেছে।
এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। পরে তিনি আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ উপভোগ করেন এবং মিলনায়তনে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন জেলায় কর্মরত আনসার সদস্যদের সমস্যার কথাও শোনেন।
খবরটি শেয়ার করুন