ছবি: সংগৃহীত
উল্টোপথে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, এ দিন সকাল ৯টা ৮ মিনিটে একজন মন্ত্রীর ‘রেঞ্জ রোভার’ গাড়ি সার্কিট হাউস সড়ক দিয়ে উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় গাড়িটি থামিয়ে দেয় ট্রাফিক পুলিশ। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫’।
তিনি আরও জানান, চালককে বলা হয় এভাবে উল্টোপথে গাড়ি চালানো আইনের সম্পূর্ণ লঙ্ঘন। গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে খোঁজ নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জমান মিল্লাতের ছিল। ওই সময় তিনি গাড়িতেই ছিলেন। অন্যদিকে, তার গাড়িটি যখন উল্টোপথে যাচ্ছিল, তখন প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিল।
ট্রাফিক কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে এই প্রথম উল্টোপথে চলার অভিযোগে কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা হলো, যা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উল্টোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে মামলার ঘটনা এই প্রথম।
এদিকে মন্ত্রীর গাড়ির উল্টোপথে চলার এই খবরে সচিবালয়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়া-আসা করছেন, যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে, সেখানে মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টোপথে যাওয়ার এ ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা হিসেবে চিহ্নিত থাকবে।’
খবরটি শেয়ার করুন