ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে তথ্য পেয়ে ডিবি পুলিশ ডিবিসি কার্যালয়ে গিয়ে তাকে হেফাজতে নেয়। বর্তমানে ডিবি কার্যালয়ে তার সঙ্গে কথা বলা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র আকতার হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। একই সময় ডিবিসির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও নিয়ে যায় পুলিশ।
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেওয়ার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তার করা হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
ইকবাল সোবহান চৌধুরী ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বেও রয়েছেন।
এ ঘটনায় বিকেলে ডিবিসি কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদীর অনিক। তিনি বলেন, ডিবিসি কার্যালয় থেকে বের হওয়ার সময় ইকবাল সোবহান চৌধুরীকে রাস্তা থেকে নিয়ে গেছে ডিবি। কেন তাকে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তবে জুলাই অভ্যুত্থানের সময়কার কোনো মামলার সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট হতে পারে বলে তাদের ধারণা। ডিবিসির পক্ষ থেকেও বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।
রাজীব ঘোষকে নিয়ে যাওয়ার বিষয়ে মুক্তাদীর অনিক বলেন, তাকে জিজ্ঞাসাবাদের কথা বলা হয়নি। ডিবি কর্মকর্তারা শুধু তাদের সঙ্গে যেতে ও চা খেতে বলেছেন। রাজীব ঘোষ ডিবিসির অপরাধবিষয়ক প্রধান প্রতিবেদক হওয়ায় পুলিশের কর্মকর্তাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। সে সূত্রে কথা বলার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন তারা।
খবরটি শেয়ার করুন