রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে ছাত্রশিবিরে কাটানো সময়ের স্মৃতিচারণ করে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন! দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।’

তিনি লেখেন, ‘সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সঙ্গে। এই প্রিয় কাফেলা আমাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলতে শিখিয়েছে, নেতৃত্বের গুণাবলিকে পরম মমতায় বিকশিত করেছে। ইসলামী ছাত্রশিবিরই আত্মিক ও আধ্যাত্মিক বিকাশে পরিপূর্ণ পথনির্দেশনা দিয়েছে।’

ছাত্রশিবিরে কাটানো সময়কে জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে উল্লেখ করে সাদিক কায়েম আরও লেখেন, ‘পেছনে ফিরে তাকালে স্মৃতির পাতায় ভেসে ওঠে অসংখ্য প্রিয় মুখ আর সংগ্রামী চিত্র। পুরোটা সময়জুড়ে নিবেদিতপ্রাণ দায়িত্বশীল ও জনশক্তিদের যে সোহবত ও সান্নিধ্য পেয়েছি, তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি বাঁকে আপনাদের কাছ থেকে শিখেছি, অনুপ্রাণিত হয়েছি।’

পোস্টের শেষাংশে তিনি ছাত্রশিবিরের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি লেখেন, ‘আল্লাহ তায়ালা ইসলামী ছাত্রশিবিরের এই সংগ্রাম ও আন্দোলনের কর্মীদের পবিত্র সম্পর্কগুলোকে কবুল করুন। সামনের দিনগুলোতে এই অঞ্চলের মজলুম মানুষের মুক্তিসংগ্রামের অতন্দ্র প্রহরী হিসেবে পথ চলার তাওফিক দিন এবং এই আন্দোলনকে বিজয়ী করার মতো যোগ্য নেতৃত্ব দান করুন।’

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরের সাংগঠনিক কাঠামো অনুযায়ী বছরে দুইবার নেতৃত্ব ও দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তার বিদায় হয়েছে। তিনি বলেন, ‘ছাত্রশিবিরের বছরে দুইবার সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে।’

এর আগে ১ মে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

ওই ঘোষণার পর ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংগঠনের দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সে কারণে সাদিক কায়েম ছাত্রশিবিরের দায়িত্ব ছেড়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হচ্ছেন বলে জানানো হয়।

সাদিক কায়েম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায়ের ঘোষণার মাধ্যমে তার ছাত্ররাজনীতির একটি অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও, সামনে তিনি পূর্ণাঙ্গভাবে জামায়াতের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

সাদিক কায়েম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250