ছবি: সংগৃহীত
দুদিন পর ফের বড় দরপতন হলো সোনার দামে। আজ রোববার (২৫ অক্টোবর) দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৫০৮ টাকা, যা গত শুক্রবার ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অর্থাৎ ভরিতে কমেছে ৩ হাজার ৬৭৪ টাকা।
আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন দামের তালিকায় আরও দেখা গেছে, ২১ ক্যারেটের সোনার গয়নার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি ভরির দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
সোনার দাম কমালেও রুপার গয়নার দামে পরিবর্তন আনেনি বাজুস। মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের রুপার গয়নার প্রতি ভরির দাম ৩ হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার গয়নার প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গয়নার প্রতি ভরির দাম ২ হাজার ৩৯১ টাকা।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছেন, গয়নার নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।
খবরটি শেয়ার করুন