শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

৬০ বছরের দাম্পত্য শেষে একই দিনে মৃত্যুর ইচ্ছা পূরণ হলো!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৪

#

আব্দুল কাদের শেখ ও তার স্ত্রী জাহানারা বেগম। ছবি: সংগৃহীত

বাঁচলে একসঙ্গে বাঁচবো, মরলে একসঙ্গেই মরবো। এমন প্রতিজ্ঞা সমাজের অনেকেই ভালোবেসে তার প্রিয় মানুষকে করে থাকেন। তবে কতজনই বা এই প্রতিজ্ঞা বাস্তব জীবনে সত্য করতে পারেন। কিভাবে পারবেন, জন্ম-মৃত্যু পূর্ব নির্ধারিত খাতায় লেখা হয়ে থাকে। তবে এই প্রতিজ্ঞা যেন সত্যি হলো রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের আলাদিপুর এক নম্বর কলোনি গুচ্ছগ্রামের এক দম্পতির জীবনে। 

এই গ্রামের ৬০ বছরের সংসার জীবনে সুখি দম্পতি আব্দুল কাদের শেখ (৮৫) ও জাহানারা বেগমের (৭৫) একই দিনে মৃত্যুর ইচ্ছা পূরণ হয়েছে। পাশাপাশি দাফনও হয়েছে তাদের। 

মঙ্গলবার (১৯শে নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে স্ত্রী জাহানারা বেগমের মৃত্যুর ১৩ ঘণ্টার ব্যবধানে বুধবার (২০শে নভেম্বর) সকাল ৯ টার দিকে মারা যান স্বামী আব্দুল কাদের শেখ। 

আব্দুল কাদের শেখ আলাদিপুর এক নম্বর কলোনি গুচ্ছগ্রামের বাসিন্দা ছিলেন। দুপুরে একসঙ্গে জানাজা শেষে গুচ্ছগ্রামের পাশের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় স্বামী স্ত্রীকে।

স্বজনরা গণমাধ্যমকে জানান, আব্দুল কাদের ও জাহানারা বেগম দম্পতির জীবদ্দশায় চাওয়া ছিল তাদের মৃত্যু যেন একদিনেই হয়। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মঙ্গলবার (১৯শে নভেম্বর) বিকেলে আব্দুল কাদের ও তার স্ত্রী জাহানারা বেগমকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা আলাদা অলাদা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। 

১৯শে নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহানারা বেগম। তার মরদেহ স্বামীর বাড়িতে না নিয়ে একই ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামে বাবার বাড়িতে নেয়া হয়। প্রথমে স্বামী আব্দুল কাদেরের কাছে গোপন রাখা হয় স্ত্রীর মৃত্যুর খবর। গভীর রাতে এ খবর জানতে পেরে ভেঙে পড়েন আব্দুল কাদের। রাতেই পরিবারের সদস্যদের অনুরোধ করেন তাকে নিয়ে আসতে। এবং হাসপাতাল থেকে তিনি নিজ বাড়িতে চলে আসেন।

সকালে পরিবারের লোকজন আব্দুল কাদেরকে স্ত্রীর মরদেহ দেখানোর জন্য তার শ্বশুরবাড়ি ইন্দ্রনারায়ণপুর গ্রামে আনার প্রস্ততি নিচ্ছিলেন। এমন অবস্থায় স্ত্রীর মরদেহ দেখার আগেই সকাল ৯ টার দিকে মারা যান আব্দুল কাদের। পরে তার মরদেহ স্ত্রীর কাছে নিয়ে আসা হয়। সেখানে স্বামী স্ত্রীর গোসলসহ অন্যান্য ধর্মীয় কাজ শেষে দুপুরে তাদের মরদেহ আলাদিপুর এক নম্বর কলোনি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এনে নামাজে জানাজা পড়ানো হয়। এরপর আব্দুল কাদেরের বসতভিটা আলাদিপুর এক নম্বর কলোনি গুচ্ছগ্রামের পাশের কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়।

আব্দুল কাদেরের ছেলে লতিফ শেখ গণমাধ্যমকে বলেন, ৬০ বছরের সংসার জীবনেও আমার বাবা-মা অনেক মিল মহব্বতে থাকতেন। তাদের চাওয়া ছিল একসঙ্গে যেন তারা পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। রাতে মায়ের মৃত্যুর খবর শোনার পর বাবা চিৎকার করে মাকে উদ্দেশ্য করে বলছিলেন, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমিও তোমার কাছে আসতেছি। সকালে মায়ের মরদেহ দেখার আগেই বাবা পৃথিবী থেকে বিদায় নিলেন। সবাই আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন।

আব্দুল কাদেরের প্রতিবেশী খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, কাদের ভাই ও তার স্ত্রী বেঁচে থাকতে সবসময় কামনা করতেন একসঙ্গেই যেন তাদের মৃত্যু হয়। তারা মরণেও পাশাপাশি কবরে থাকতে চেয়েছিলেন। অবশেষে অলৌকিকভাবে তাদের সেই ইচ্ছাই পূরণ হয়েছে। ১৩ ঘণ্টার ব্যবধানে তারা পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন। আমি মনে করি এটা স্বামী-স্ত্রীর জন্য ভাগ্যের ব্যাপার। আল্লাহ্ তাদের বেহেশতবাসী করুন।

আলীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, ঘটনাটি বিস্ময়কর। স্বামী-স্ত্রীর একই দিনে স্বাভাবিক মৃত্যু তেমন দেখা যায় না।

ওআ/কেবি

দাম্পত্য জীবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250